বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় সাঁড়াসি অভিযান:  ৪ ক্লিনিক সিলগালা,মালিককে কারাদণ্ড

আরো খবর

পাইকগাছা প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় চাঁদখালী ও বাঁকাবাজার এলাকার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে।  মঙ্গলবার দিনব্যাপী এই অভিযানে একটি ক্লিনিকের মালিককে কারাদণ্ড প্রদান, ৪টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড এবং ৪টি ক্লিনিক ও ওটি (অপারেশন থিয়েটার) সিলগালা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী।
অভিযান চলাকালে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মালিক নন মেডিকেল থাকা সত্ত্বেও নিজেকে আট্রাসনো চিকিৎসক, নিজস্ব নামীয় প্যাডে রোগী দেখা প্রমান সাপেক্ষে সংশ্লিষ্ট ক্লিনিকে কাগজ না থাকায় মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০’ এর ২১ ধারা লঙ্ঘন করায় ক্লিনিক মালিক গৌতম সরকারকে (৪৭) কে ৫ হাজার টাকা জরিমানা ও ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।‌ এছাড়া লাইসেন্স নবায়ন ব্যতীত প্রতিষ্ঠান পরিচালনা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাঁকা ফ্রেন্ডস সার্জিক্যাল ক্লিনিক এবং নিউ গাজী ক্লিনিকের মালিক মুনসুর গাজী (৪০) ও গোফরানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
​অব্যবস্থাপনায় উপজেলার নূর উদ্দীন মেমোরিয়াল ক্লিনিকে অ্যানেসথেসিয়া ও সার্জারি বিশেষজ্ঞ ছাড়াই অপারেশন পরিচালনা এবং বৈধ কাগজপত্র না থাকায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং প্রতিষ্ঠানটির ওটি সিলগালা করে দেওয়া হয়।
​অভিযানের খবর পেয়ে চাঁদখালী এলাকার মায়শা ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও পিয়া ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে সটকে পড়ে কর্তৃপক্ষ। বৈধ কাগজপত্র না থাকা এবং তালাবদ্ধ অবস্থায় পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত এই দুটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেন। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. সুজন কুমার সরকার, আরএমও ডা. সঞ্জয় কুমার মন্ডল এবং সঙ্গীয় আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জানান, জনস্বাস্থ্য রক্ষায় এবং মানহীন চিকিৎসাসেবা বন্ধে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ