রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঈদে নানাবাড়ি ঘুরতে এসে চির বিদায় নিলো শিশু তাসমিয়া

আরো খবর

নড়াইল/ লোহাগড়া প্রতিনিধি:
ঈদের ছুটিতে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচরে ‘মিনি কক্সবাজার’ হিসাবে পরিচিত মধুমতী নদীতে পরিবারের সঙ্গে ঘুরতে এসে নিখোঁজের দু’দিন পর শিশু তাসমিয়ার (১১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাস্থলের প্রায় সাড়ে তিন কিলোমিটার দুওে মধুমতী নদীর ডিগ্রিরচর খেয়াঘাট এলাকায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে নৌপুলিশ তাসমিয়ার (১১) মরদেহ উদ্ধার করে। তাসমিয়া যশোর সদরের শাহবাজপুর গ্রামের মো. জিন্নাহ মিয়ার মেয়ে।

 

ঈদের ছুটিতে নড়াইলের লোহাগড়া উপজেলার কুন্দসী এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসে গত ২৬ মার্চ পাংখারচরে ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিত মধুমতী নদীর চরে পরিবারের সঙ্গে ঘুরতে যায় শিশু তাসমিয়া। সেখান থেকে দু’টি ট্রলারে করে মধুমতী নদীতে ঘুরতে বের হয় তাসমিয়ার পরিবার। নদীচরে ছবি তোলাসহ ঈদ আনন্দে মেতে উঠে তারা। একপর্যায়ে নদী পাড়ে এসে পরিবারের সদস্যরা তাসমিয়াকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি শুরু করেন। ফায়ার সার্ভিসের সদস্যরাও তাৎক্ষণিক তাসমিয়াকে শনাক্ত করতে পারেননি। অবশেষে শনিবার সকালে নদীতে তার মরদেহ ভেসে ওঠে। এ ঘটনায় তাসমিয়ার পরিবারসহ নানাবাড়িতে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

 

লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, শিশু তাসমিয়ার মরদেহ শনিবার সকালে নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। নৌপুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ