, , ,

অনলাইন ব্যবসার নামে প্রতারণা, মনিরামপুরের যুব জামায়াত নেতাসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট ও ওয়ারেন্ট

আরো খবর

অনলাইন ব্যবসার নামে প্রতারণা, মনিরামপুরের যুব জামায়াত নেতাসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট ও ওয়ারেন্ট

নিজস্ব প্রতিবেদক:অনলাইন ব্যবসার লোভনীয় ফাঁদে ফেলে ব্যাংক ও বিকাশের মাধ্যমে ৮ লাখ ৩০ হাজার ২৩০ টাকা আত্মসাতের অভিযোগে পটুয়াখালীর দুমকীতে দায়ের করা মামলায় ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগপত্রটি আমলে নিয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত (দুমকী থানা, পটুয়াখালী) আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেছেন।

মামলার ১ নম্বর আসামি করা হয়েছে যশোর জেলার মনিরামপুর থানার ৮ নম্বর হরিহরনগর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ও স্থানীয় এনায়েতপুর পশ্চিম পাড়া ছোট জামে মসজিদের ইমাম মো. ইসমাইল হুসাইনকে (৩০)। তিনি মনিরামপুরের এনায়েতপুর (ষোলখাদা) এলাকার শুকুর আলী ও আমেনা বেগমের ছেলে। মামলার অন্য আসামিরা হলেন— মো. তামিম শেখ (২২), জহুরা আক্তার (৫৩), মো. মনজুরুল ইসলাম (৩৬), মিসেস শাহনাজ বেগম ও মো. পলাশ হোসেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২১ আগস্ট পটুয়াখালীর দুমকী থানার শ্রীরামপুর (০৫ নম্বর ওয়ার্ড) এলাকার মো. শামসুল হক চৌকিদারের ছেলে মো. আমির হোসাইন (২৮) বাদী হয়ে পটুয়াখালী আমলি আদালতে মামলাটি দায়ের করেন। বাদীর ভাই মাহাদী হাসান অনলাইনে লোভনীয় ব্যবসার ফাঁদে পড়ে ৮ লাখ ৩০ হাজার ২৩০ টাকা হারিয়ে প্রতারণার শিকার হন। মামলার গুরুত্ব বিবেচনা করে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। দীর্ঘ তদন্ত শেষে সিআইডি দণ্ডবিধির (পেনাল কোড) ৪০৬, ৪২০ ও ১০৯ ধারায় অপরাধের সত্যতা পেয়ে চার্জশিট দাখিল করে।

এদিকে, প্রধান আসামি মো. ইসমাইল হুসাইন প্রতারণার অভিযোগ অস্বীকার করে বলেন,আমার ‘নূর শপ’ নামে একটি ফেসবুক পেজ ও অনলাইন ব্যবসা রয়েছে। সেখানে এক বছর আগে কে বা কারা অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দেয়। পরবর্তীতে আমি ৫ হাজার টাকা ফেরতও দিই এবং সালিশ-মীমাংসা হয়। এখন নতুন করে আবার ঝামেলা শুরু হয়েছে।

তবে আসামির এ দাবি প্রত্যাখ্যান করে মামলার বাদী মো. আমির হোসাইন বলেন, আমাকে বা আমার ভাইকে কেউ কোনো টাকা ফেরত দেয়নি। যদি দিয়ে থাকে, তবে তার প্রমাণ দেখাক।

সার্বিক বিষয়ে সিআইডির তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী মাহমুদুল হাসানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও অন্য একটি স্পর্শকাতর মামলার কাজে ব্যস্ত থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান আসামি ইসমাইল হুসাইন বর্তমানে পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হুসাইন বলেন, আদালত আসামিদের বিরুদ্ধে ইতোমধ্যে ওয়ারেন্ট ইস্যু করেছেন। আমরা আশাবাদী, আদালত থেকে আমরা ন্যায়বিচার পাব।

 

আরো পড়ুন

সর্বশেষ