নিজস্ব প্রতিবেদক, নড়াইল/ রোহাগড়া প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন জামাতের কর্ম পরিষদ সদস্য আবুল কালাম আজাদ পাখীর ওপর বিএনপির স্থানীয় নেতাকর্মীরা হামলা করে তাঁকে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখী বলেন, বৃহস্পতিবার দুপুরে আমি ইউনিয়ন পরিষদের কার্যালয়ে অবস্থান করছিলাম। এ সময় কিছু লোকজন ইউনিয়ন পরিষদের সামনে জ্বালানি কাঠ রাখছিলেন। আমি বাইরে এসে কিসের কাঠ জিজ্ঞেসা করি। তারা আমার কথায় কোন সদুত্তর না দিলে আমি পরিষদের কার্যালয়ে গিয়ে বসি। এক পর্যায়ে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ – সভাপতি আসাদুজ্জামান সহ তার লোকজন আমাকে কোন কিছু বুঝে ওঠার আগেই আমার পরিষদে ঢুকে আমাকে কিল ঘুষি মারতে থাকেন। আমার চোখ, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি মারধর করেন। এসময় স্থানীয়রা আমাকে উদ্ধার করে নড়াইল হাসপাতালে নিয়ে আসেন।
এ বিষয়ে বিএনপি নেতা আসাদুজ্জামান বলেন, আমি কেন তাকে মারতে যাব? ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয়রা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করবেন। সেই উপলক্ষে মিলাদ মাহফিলের খাবার রান্না করারা জন্য কাঠ জড়ো করছিল। পাখী চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী অনুষ্ঠান করতে দিবেন না। তাই পরিষদের সামনে জ্বালানি রাখতে দেয়নি। এ কারনে ক্ষিপ্ত হয়ে উপস্থিত লোকজন তাকে মারধর করেছেন বলে শুনেছি।
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
