নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আগ্নেয়াস্ত্র থেকে ছোঁড়া গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে উভয়পক্ষের ৭জন গুলিবিদ্ধসহ ১১ জন আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের চড়কান্দিপাড়ায় এ ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, কলাবাড়িয়া গ্রামে সোহেল মেম্বার গ্রুপ ও আবেদ শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকালে সোহেল গ্রুপের লোকজন আবেদ গ্রুপের লোকজনের বাড়িতে হঠাৎ হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। পরে আবেদ গ্রুপের লোকজন পাল্টা হামলা চালালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় আগ্নেয়াস্ত্রের ছোঁড়া গুলিতে রাসেল শেখ, হাসান শেখ, মতি মল্লিক, সেলিম শেখ, রাজিব গাজী, কালন শেখ, ইসরাফিল সিকদারসহ উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, আবেদ আলী গ্রুপের শামীম শেখ অভিযোগ করে বলেন, সকালে সোহেল গ্রুপের শতাধিক লোক লাঠি, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের লোকজনের ওপর কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয়।
অপরদিকে, সোহেল মেম্বার বলেন, তার লোকজন সকালে বাজারে ছিল। এ সময় আবেদ আলী গ্রুপের লোকজন তাদের লোকজনের ওপর হামলা চালায় এবং গুলি করে বলেও তিনি দাবি করেন। এসময় তাদের গ্রুপেরও কয়েকজন আহত হন।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মো. হোসেন আলী দু’পক্ষের সংঘর্ষ এবং একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দু’পক্ষ নয় একপক্ষের তরফ থেকে আগ্নেয়াস্ত্রের গুলি ছোঁড়া হয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
