নিজস্ব প্রতিবেদক:
ফকির লালন শাহ ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে প্রাচ্যসংঘের উদ্যোগে ভাবগানের আসর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় আসরের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাচ্যসংঘের সভাপতি খবির উদ্দিন সুইট। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোহানূর রহমান।
এ সময় প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা গবেষক বেনজীন খান, সাবেক সভাপতি কবি কাসেদুজ্জামান সেলিমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ভাবগানের আসরে শিল্পী আলমগীর হোসেন ‘আমি অপর হয়ে বসে আছি’ ‘ধন্য ধন্য বলি তারে’ ‘পরের দ্রব্য পরের নারী’ শিল্পী মোয়াজ্জেম হোসেন স্বপন ‘সত্য বল সুপথে চল’ ‘সময় গেলে সাধন হবে না’ ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ‘মিলন হবে কত দিনে’ শিল্পী শহিদুল ইসলাম ‘যেখানে সায়ের বারামখানা’ ‘ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদে’ পরিবেশন করেন।
লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তাঁর গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে। প্রাচ্যসংঘের আয়োজিত ভাবগান আসরে পরিবেশিত লালনের গানগুলো সে কথা বারবার প্রতিধ্বনিত হয়েছে।
