নিজস্ব প্রতিবেদক:
যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবক সোহাগ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার রাতে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।
অভিযুক্ত সোহাগ হোসেন ওই গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।
মামলার অভিযোগ অনুযায়ী, শনিবার (১৭ অক্টোবর) দুপুরে শিশুটি এক সহপাঠীর সঙ্গে সোহাগের বাড়িতে দোলনায় দোল খেতে যায়। এ সময় সোহাগ কৌশলে শিশুটিকে ঘরে নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন এবং ধর্ষণের চেষ্টা চালান বলে অভিযোগ করা হয়েছে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সোহাগ পালিয়ে যান।
পরে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়। রোববার সকালে শিশুটির শারীরিক পরীক্ষা শেষে তাকে আদালতে হাজির করা হয়।
নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিলন মোল্লা বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
