চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি স্মার্ট মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আমজামতলা বাজারের ইমরান মার্কেট সংলগ্ন একটি গলি থেকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনূর রশিদ। এ সময় দশপাখিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) বাজিৎ মোল্লাসহ পুলিশের একটি দল অংশ নেয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাশাপোল ইউনিয়নের বানরহুদা গ্রামের আকিমুল ইসলামের ছেলে ইমরান হোসেন (৩০) এবং একই ইউনিয়নের বুড়িন্দিয়া গ্রামের রিজাউল বিশ্বাসের ছেলে জুয়েল বিশ্বাস (৩৬)।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ১,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, ইমরান হোসেনের বিরুদ্ধে এর আগে দুটি মাদক মামলা রয়েছে। এছাড়া জুয়েল বিশ্বাসের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনূর রশিদ জানান, ইয়াবা ও অন্যান্য আলামতসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
