, , ,

অফিসে দুদক এর অভিযান : পালালেন আশাশুনি উপজেলা হিসাব রক্ষণ অফিসার

আরো খবর

  সমীর রায়, আশাশুনি : অফিসে দুদক এর অভিযানের খবর পেয়ে পালালেন উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোমিন আহমেদ। প্রাথমিক তদন্তে অর্থ লেনদেনের সত্যতা মিলেছে বলেই তিনি পালিয়েছেন বলে জানিয়েছেন দুদক।

তদন্তকারী কর্মকর্তা খুলনা বিভাগীয় উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের জানান, অবৈধ অর্থ লেনদেনের খবর পেয়ে

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে আমরা বিভিন্ন ছদ্মবেশে অফিসের আশেপাশে অবস্থান করেছি। কিন্তু অভিযানের কথা জানতে পেরে অফিসার অফিস থেকে গা ঢাকা দিয়েছেন। এরপর নিজের ফোন বন্ধ রাখেন। অন্য নাম্বার দিয়ে অফিসের স্টাফদের সাথে যোগাযোগ করলেও দুদকের কোন কর্মকর্তার সাথে তিনি কথা বলেননি।
দুদক কর্মকর্তা আরও জানান,  সরকারিকৃত কলেজের ২০০০ সালের বিধি মোতাবেক আশাশুনি সরকারি কলেজের আত্নীকৃত শিক্ষা ক্যাডারে উন্নীত করতে শিক্ষকদের কাছে হিসাব রক্ষণ কর্মকর্তা মোমিন আহমেদ ১০ লক্ষ টাকা ঘুষ দাবি করেন। লেনদেন নিয়ে দরকষাকষির এক পর্যায়ে এই অফিসার তার সহকারী শাহারাত হোসেনকে সাথে নিয়ে কলেজে উপস্থিত হয়ে অধ্যক্ষের অফিসে বসে ৪ লক্ষ ৫০ হাজার টাকা নির্ধারণ করেন।
একজন কর্মকর্তা কোন অফিসে গিয়ে ঘুষের টাকা চাওয়ার ঘটনা আমাদের কাছে নতুন। দাবিকৃত ঘুষের টাকার ১ম কিস্তি ২ লক্ষ ২৫ হাজার টাকা এর আগে হস্তান্তর করা হয়েছে। আজ (২ ডিসেম্বর) বাকি টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু তাকে হাতেনাতে ধরা সম্ভব হয়নি। তবে সহকারী অফিসার শাহারাত হোসেন ও শিক্ষকদের সাথে কথা বলে হিসাব রক্ষণ কর্মকর্তা মোমিন আহমেদ যে টাকা নিয়েছেন তা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। পরবর্তী পদক্ষেপ স্যারেরা নিবেন।
এদিকে উপজেলার একাধিক অফিসের স্টাফদের সাথে কথা বলে জানা গেছে, হিসাব রক্ষণ কর্মকর্তা মোমিন আহমেদ ও তার সহযোগী শাহারাত হোসেন ৫ পার্সেন্ট এর নীচে কোন ফাইলে স্বাক্ষর করেন না। কোন কোন ক্ষেত্রে ১০ পার্সেন্ট পর্যন্ত নিয়ে থাকেন। এসব ঘুষের টাকা দিয়ে তিনি তার শ্বশুর বাড়ি রাজশাহী শহরের বিভিন্ন স্থানে নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন।
এছাড়া শাহারাত হোসেন কালীগঞ্জ উপজেলা সদরে জমি ক্রয় সহ কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন। তাদের ব্যাংক হিসাব জব্দ করলে অনেক তথ্য বেরিয়ে আসবে।

আরো পড়ুন

সর্বশেষ