, , ,

মণিরামপুরে দিনব্যাপী অভিযান,সাড়ে ৪ লাখ টাকার জাল জব্দ

আরো খবর

মোঃ আরিফুল ইসলাম, মণিরামপুর:
যশোরের মণিরামপুরে নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী, কারেন্ট জাল ও নদীতে স্থাপিত নেট-পাটা অপসারণে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এবং মণিরামপুর থানার সার্বিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

 

দিনের প্রথম অভিযানটি পরিচালিত হয় উপজেলার কুলটিয়া ইউনিয়নের হেলার ঘাট ব্রিজ সংলগ্ন মুক্তেশ্বরী নদীতে। স্থানীয় বাসিন্দাদের তথ্য ও অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করা আনুমানিক ৭০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল, নেট-পাটা এবং অন্যান্য প্রতিবন্ধক অপসারণ করা হয়। পরে উদ্ধারকৃত এসব অবৈধ জাল ও উপকরণ ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

 

অভিযানের দ্বিতীয় ধাপে গোপন সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে মণিরামপুর পৌর বাজারের সুতাপট্টি এলাকার দুটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকান দুটিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল মজুদের তথ্যের সত্যতা পাওয়া যায়। শুরুতে দোকান মালিকরা নিষিদ্ধ জাল সংরক্ষণ ও বিক্রির বিষয়টি অস্বীকার করলেও তল্লাশির একপর্যায়ে পার্শ্ববর্তী একটি পানের দোকান ও গুদামে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়।

অভিযানে আনুমানিক ২ হাজার ১০০ মিটার চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৩৮ হাজার টাকা। এছাড়া প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৩ হাজার টাকা। উদ্ধার হওয়া নিষিদ্ধ জালের মোট আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৫১ হাজার টাকা।

 

এ ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(১) ধারায় দুটি প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডিতরা হলেন মেসার্স সন্দীপ ট্রেডার্সের স্বত্বাধিকারী সন্দীপ কুণ্ডু (৩৭) এবং মেসার্স মুসলিম স্টোর (সুতোর দোকান)-এর স্বত্বাধিকারী আবুল হাসান (৬২)। অর্থদণ্ড আদায়ের পাশাপাশি জব্দ করা সব নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়, যাতে সেগুলো পুনরায় ব্যবহার করা না যায়।
অভিযান পরিচালনা করেন মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাহির দায়ান আমিন। এ সময় উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ সেলিম রেজা উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী, মণিরামপুর থানার পুলিশ সদস্য এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

 

উপজেলা প্রশাসন জানায়, নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জালের ব্যবহার নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করার পাশাপাশি দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলে। তাই নদী ও জলাশয় রক্ষা, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং মৎস্যসম্পদ টিকিয়ে রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

ভবিষ্যতেও আইন অমান্য করে নিষিদ্ধ জাল ব্যবহার, সংরক্ষণ বা বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ