সিদ্দিকুর রহমান , কেশবপুর (যশোর):
যশোরের কেশবপুরের পূর্বাংশের মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। সরকার আসে সরকার যায় পানিবন্দি মানুষের দুর্ভোগ যায় না।
উপজেলার প্রায় অর্ধ লক্ষাধিক মানুষকে বছরের ১০ মাস বাড়ি ঘরে, উঠানে পানিবন্দি হয়ে বসবাস করতে হচ্ছে। ২৭ বিল পানি নিষ্কাশন কমিটির উদ্যোগে পানি উন্নয়ন বোর্ডের আট ব্যান্ড স্লুইস গেটের মুখে সেচ পাম্প বিদ্যুৎ সংযোগ দিয়ে সেচের কাজ শুরু হলে বদ্ধ পানি নিষ্কাশন হওয়া সম্ভব বলে জানিয়েছেন কমিটির সভাপতি ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মাষ্টার মকবুল হোসেন মুকুল।
উপজেলার বাগডাঙ্গা, মনোহরনগর, মাদারডাঙ্গা, মনোহরনগর পাথরঘাটা, কাটাখালি, ময়নাপুর, শানতলা, কালীচরণপুর সহ মনিরামপুর উপজেলার কয়েকটি এলাকা পানিবন্দি।
হরি-ঘ্যাঁংরাইল অববাহিকার জলাবদ্ধতা নিরসন কমিটির সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান বলেন, ৮ ব্যাণ্ড সুইচ গেটের সামনে দ্রুত বিদ্যুৎ সংযোগ নিয়ে সেচ পাম্প স্থাপন করে এ এলাকার পানি নিস্কাসন দ্রুত সম্ভব।
বাগডাডাঙ্গা মনোহরনগর ইউপি সদস্য বৈদ্যনাথ সরকার বলেন,তার নির্বাচনী এলাকার এমন কোন বাড়ি নেই যেখানে শুকনো পরিবেশ আছে। বাড়ি থেকে বের হতে বাঁশের তৈরি সাঁকো রয়েছে বাড়ি বাড়ি। মাদারডাঙ্গা গ্রামের অমল দাস বলেন, ভোটের সময় তারা আশ্বাস দিয়ে ভোট নিয়ে আর ফিরে আসেনি। ভোট আসে ভোট যায়, সরকার আসে সরকার যায় এ এলাকার মানুষের দূর্ভোগ যায় না।
বিগত আওয়ামীলীগ সরকারের সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে গলা ফাটিয়ে নেতারা আশার বাণী শুনিয়ে কাজ হাসিল করে আর ফিরে তাকায় নি। সাবেক ইউপি সদস্য দূর্গা শঙ্কর জানান, এখানকার মানুষ তাদের প্রয়োজনে একটা গাছ পর্যন্ত বিক্রি করতে পারে না,মাঝদিয়ে যাওয়া সড়কের উপর সবার গরু,ছাগল বেঁধে রাখতে হয়।
এলাকার ভুক্তভোগী মানুষের দাবি বর্তমান সরকার এ বিষয়ে এগিয়ে আসুক, দূর্দশা লাঘব হোক।
