, , ,

সড়ক দুর্ঘটনায় কেশবপুরে কলেজ ছাত্র, বেনাপোলে অফিস সহায়কের মৃত্যু

আরো খবর

কেশবপুর প্রতিনিধি:

যশোরের কেশবপুরে পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ইয়াসিন আরাফাত (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে কেশবপুর শহরের হাসপাতাল সড়কের খাদ্য গুদামের সামনে আলমসাধু ও মোটরসাইকেলের সংঘর্ষে ওই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত ইয়াসিন আরাফাত কেশবপুর উপজেলার কাঁস্তা গ্রামের পল্লী চিকিৎসক রুস্তম আলীর ছেলে। তিনি কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল এবং চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ইয়াসিন আরাফাত বাড়ি থেকে মোটরসাইকেল যোগে তার এইচএসসির পদার্থ বিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য কলেজের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে কেশবপুর শহরের খাদ্য গুদামের সামনে পৌঁছালে একটি আলমসাধুর সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মারাত্মক আহত হলে তাকে উদ্ধার কেশবপুর হাসপাতালে নেওয়া হয়। এ সময় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হলে পথিমধ্যে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়াসিন আরাফাত অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিল। তিনি ২০২৪ সালে সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশন থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল। পরীক্ষা দিতে গিয়ে মেধাবী এই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পরিবারসহ স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, মুখমণ্ডল ও শরীরে মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। চিকিৎসার জন্য নেওয়ার পথিমধ্যে তিনি মারা গেছেন।

বেনাপোল (যশোর) প্রতিনিধি জনান,

যশোরের বেনাপোলে লোহার গ্রীল বোঝাই একটি ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত মোটরসাইকেল চালক ইব্রাহিম হোসেন (৫০)শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। ইব্রাহীম ইছাপুর দাখিল মাদ্রাসার অফিস সহায়ক।এসময় মোটরসাইকেলের একজন আরোহী ও ভ্যান চালক গুরুতর আহত হয়েছে।আহতরা হচ্ছেন মোটরসাইকেল আরোহী ইছাপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ফজলু হক (৪৫) এবং ভ্যানচালক আলী কদর (৩৫)।

বৃহস্পতিবার দুপুরে বন্দরনগরী বেনাপোলের বাইপাস সড়কে এই দূর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন।

ওসি আশরাফ হোসেন বলেন,ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ভ্যান ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ