নিজস্ব প্রতিবেদক:
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা ও ৯৯ শতাংশ অ্যালকোহলের ১০০ বোতল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের তেলিধান্যপোড়া গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি দল জনৈক বিশাল হোসেনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে নূর হোসেন (২২) নামে এক যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। নূর হোসেন তেলিধান্যপোড়া গ্রামের মো. আবু সিদ্দিকের ছেলে।
অন্যদিকে, শুক্রবার (১৪ আগস্ট) রাত ১২টা ৪৫ মিনিটে যশোর শহরের পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের অম্বিকা বসুলেন (উমেশ চন্দ্র লেন) সড়কে অভিযান চালায় ডিবি পুলিশ। হাসান এন্টারপ্রাইজের সামনে থেকে মো. নজরুল ইসলাম খান (৫২) ও মো. রবিউল ইসলাম (৪৬) নামে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯৯ শতাংশ অ্যালকোহলের ১০০ বোতল উদ্ধার করা হয়েছে।
আটক নজরুল ইসলাম খান আবাদ কচুয়া এলাকার বাসিন্দা এবং রবিউল ইসলাম বেজপাড়া বি কে রোড এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, পৃথক অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
