নিজস্ব প্রতিবেদক :জীবন আর কিছুই নয়, নদীস্রোতের মতো একেকটি অধ্যায়ের নিরবচ্ছিন্ন বয়ে চলা। কালের খেয়ায় চড়ে সময় গড়ায়, আর মানুষের জীবনখাতায় জমা হয় ত্যাগ, প্রতিকূলতা জয় আর অর্জনের বর্ণিল গল্প। গত ৩১ আগস্ট মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দীর্ঘ ৩২ বছরের নিষ্ঠাপূর্ণ শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেছেন প্রবীণ শিক্ষক ও জ্যেষ্ঠ সাংবাদিক মোঃ আব্বাস উদ্দীন। তবে তাঁর এই দীর্ঘ পথপরিক্রমা কেবল এক সরকারি চাকরির গণ্ডিতে সীমাবদ্ধ নয়; এটি মূলত প্রত্যন্ত পল্লীর চরম দারিদ্র্যকে পরাস্ত করে সমাজের আলোর দিশারী হয়ে ওঠার এক জীবন্ত আলেখ্য।
যশোরের মণিরামপুর উপজেলার নিভৃত পল্লী হালসা গ্রাম। ১৯৬৬ সালের ১ সেপ্টেম্বর এই গ্রামের এক সাধারণ মুসলিম পরিবারে জন্ম আব্বাস উদ্দীনের। বাবা পরলোকগত রওশন আলী সরদার ছিলেন স্বল্পশিক্ষিত কিন্তু প্রচণ্ড শিক্ষানুরাগী কৃষক, আর মা পরলোকগত জবেদা খাতুন ছিলেন রত্নগর্ভা গৃহিণী। সাত ভাই-বোনের বড় সংসারে অভাব-অনটন ছিল নিত্যসঙ্গী। কিন্তু অভাবের সেই দিনগুলোতেও কমতি ছিল না পরম মমতা আর অকৃত্রিম পারিবারিক বন্ধনের।
আধুনিক নাগরিক সুবিধা থেকে বহুদূরে থাকা সেই গ্রামে শৈশবে আব্বাস উদ্দীনের দিন কাটত বই হাতে স্কুলে যাওয়া আর বিকেলে বাবার সঙ্গে মাঠে কৃষিকাজে সাহায্য করে। গৃহপালিত গরুর খাবার জোগানো কিংবা মাঠ-প্রান্তরে ছাগল চড়ানো ছিল তাঁর শৈশবকালের নিত্যদিনের রুটিন। গোল্লাছুট, হাডুডু আর কানামাছি খেলে বেড়ে ওঠা এই মানুষটি মাটির কাছাকাছি থেকেই শিখেছিলেন পরিশ্রমের প্রকৃত মূল্য এবং পরিবারের প্রতি দায়বদ্ধতা। বাবার তীব্র ইচ্ছা আর সন্তানদের কঠোর পরিশ্রমে শেষ পর্যন্ত সেই দরিদ্র পরিবার থেকেই আব্বাস উদ্দীন স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে কলেজ শিক্ষক হন এবং তাঁর ছোট বোন সাজেদা খাতুনও বর্তমানে একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে সুনামের সঙ্গে কর্মরত আছেন।
আব্বাস উদ্দীনের শিক্ষাজীবন সহজ ছিল না। ১৯৭৫ সালে লাউড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি সমাপনী এবং ১৯৮১ সালে চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাসের পর তিনি ভর্তি হন খুলনা সরকারি বিএল কলেজে। সেখানে ১৯৮৭ সালে প্রাণিবিদ্যায় বিএসসি (সম্মান) সম্পন্ন করে ভর্তি হন ঐতিহ্যবাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে ১৯৯১ সালে এমএসসি (মাৎস্য শাখা) ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবনের প্রায় পুরোটা সময় চরম আর্থিক অনটনের কারণে তাঁকে লজিং থেকে পড়াশোনা চালাতে হয়েছে। আশির দশকের শেষভাগে রাজপথের উত্তাল স্বৈরাচারবিরোধী আন্দোলন ও তদানিন্তন সেশনজটের বলিতে ৩ বছরের অনার্স ও ১ বছরের মাস্টার্স শেষ করতে তাঁর জীবন থেকে ঝরে যায় মূল্যবান ৭টি বছর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে স্বৈরাচারবিরোধী মিছিলে যুক্ত থাকা অবস্থায় একাধিকবার সশস্ত্র বাহিনীর গুলির মুখোমুখি হয়ে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান তিনি।
স্নাতকোত্তর পরীক্ষার ফল প্রকাশের পরপরই একটি ওষুধ কোম্পানিতে যোগ দিয়ে কর্মজীবন শুরু করলেও মন টানেনি তাতে। পরে বিআরএসি (BRAC)-এ প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে দায়িত্ব পালনের পর কিশোরগঞ্জের একটি বেসরকারি কলেজে যোগ দিয়ে শুরু করেন শিক্ষকতার মূল অধ্যায়। তবে জন্মমাটির টানে ১৯৯৪ সালের ১ নভেম্বর নবপ্রতিষ্ঠিত মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজে জীববিদ্যার প্রভাষক পদে যোগ দেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘ ৩২ বছর শিক্ষাদান শেষে ২০২৬ সালের ৩১ আগস্ট সহযোগী অধ্যাপক হিসেবে অবসরে যান তিনি। শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৮ ও ২০০৪ সালে তিনি উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ কলেজ শিক্ষক’ হিসেবে পুরস্কৃত হন। যশোর শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষক ও মডারেশনের মতো দায়িত্ব সফলভাবে পালন করেন।
শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে আব্বাস উদ্দীন নিজেকে উজাড় করে দিয়েছেন সমাজসেবা ও সাংবাদিকতায়। ১৯৮৬ সালে খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহ দিয়ে সাংবাদিকতার শুভসূচনা। দীর্ঘ দুই যুগ ধরে তিনি কাজ করছেন জাতীয় দৈনিক ভোরের ডাক ও আঞ্চলিক দৈনিক প্রবাহ-তে।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানউন্নয়নে ১৯৯৭ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘রুরাল কনসাসনেস ইউনিট (আরসিইউ)’ নামক সংস্থা, যার নির্বাহী পরিচালক হিসেবে এখনো কাজ করে যাচ্ছেন। এ ছাড়া সুশাসন-এর জন্য নাগরিক (সুজন) মণিরামপুর উপজেলা শাখার সভাপতি,
মণিরামপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী সদস্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদকসহ বহু সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ পদে দীর্ঘসময় নেতৃত্ব দিয়েছেন।
১৯৯৩ সালে মাহমুদা খাতুন (ঝরনা)-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাঁর সহধর্মিণীও পেশায় একজন শিক্ষক। তাঁদের তিন সন্তান—আবু শাহরিয়ার লিপন (ইইই, নর্দান ইউনিভার্সিটি), তাসনিম আহম্মেদ ইমন (সিএসই, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি) এবং একমাত্র কন্যা আফসানা পারভীন মালিহা (নবম শ্রেণি, মণিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়) আজ উচ্চশিক্ষার পথে ধাবমান।
শিক্ষকতা থেকে আনুষ্ঠানিকভাবে অবসরে গেলেও অলস সময় কাটানোর কোনো সুযোগ নেই তাঁর। বরং অবসর জীবনকে তিনি মানবকল্যাণ ও সত্য প্রকাশের এক নতুন সুযোগ হিসেবে দেখছেন। অবসরের পরিকল্পনা ও নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রবীণ এই শিক্ষক বলেন—অবসর জীবনে কৃষি, মৎস্য চাষ ও বৃক্ষরোপণের পাশাপাশি সমাজসেবা ও সাংবাদিকতায় নিজেকে আরও বেশি বিলিয়ে দিতে চাই। আরসিইউ (RCU) সংস্থার মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া মানুষের মানবাধিকার রক্ষা এবং সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে আজীবন একজন সক্রিয় কর্মী হিসেবে সম্পৃক্ত রাখার একান্ত ইচ্ছা রয়েছে।
চেষ্টা করি মানুষের কল্যাণে নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে। আর এই নষ্ট সমাজে ভালো মানুষের কদর নেই বললেই চলে। আমার ক্ষুদ্র জীবনে মহান আল্লাহ আমাকে যেটুকু দিয়েছেন, আমি তার জন্য চিরকৃতজ্ঞ; যা পাইনি তার জন্য কোনো অভিযোগ নেই। আলহামদুলিল্লাহ।
অবসর জীবনে সমাজসেবা ও সাংবাদিকতার পাশাপাশি অতীতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা নিজের অগণিত লেখা একত্র করে বই আকারে প্রকাশের ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। হালসা গ্রামের কাদা-মাটির পথ ধরে উঠে আসা আব্বাস উদ্দীনের এই কর্মময় জীবন ও মানবসেবার ব্রত নতুন প্রজন্মের জন্য এক অনুকরণীয় আলো হয়ে থাকবে।
