কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে ৩ পিস ইয়াবা ও ১ পুরিয়া গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) কেশবপুর থানাধীন চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ত্রিমোহনী ইউনিয়নের মির্জানগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— কেশবপুর থানার কাস্তা গ্রামের বাবর আলীর ছেলে মোঃ মিরাজুল ইসলাম ওরফে রকি (২৩) এবং সরাপপুর গ্রামের ইসলাম গাজীর ছেলে মোঃ আব্দুর রহমান গাজী (৩১)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ শামীম হোসাইনের নেতৃত্বে এএসআই নজরুল ও সঙ্গীয় ফোর্স মির্জানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে মিরাজুল ইসলামের কাছ থেকে ০৩ (তিন) পিস ইয়াবা এবং আব্দুর রহমান গাজীর কাছ থেকে ০১ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসাইন জানান, মাদক উদ্ধার ও আসামী গ্রেপ্তারের ঘটনায় কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
