, , ,

কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রি: ইত্যাদি স্টোর’কে ২ লাখ টাকা জরিমানা

আরো খবর

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের কেশবপুরে শিশু খাদ্যে ভেজাল মেশানো ও বিক্রির অপরাধে ‘ইত্যাদি স্টোর’ নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) পৌর শহরের গমপট্টি এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক স্বপন কুমার দাসকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গমপট্টি এলাকার ইত্যাদী স্টোরে শিশু খাদ্যে ভেজালের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।

সেখানে ঘটনার সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট ২ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়। এর মধ্যে আইনটির ৩৭ ধারায় ৫০ হাজার টাকা, ৪৩ ধারায় ১ লাখ টাকা এবং ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মনিরামপুর কেশবপুরের নিরাপদ খাদ্য কর্মকর্তা সুশান্ত দত্ত বলেন খাদ্যে ভেজাল মেশানো, বিশেষ করে শিশুদের খাবারে ক্ষতিকর উপাদান ব্যবহার করা একটি মারাত্মক অপরাধ। নিরাপদ খাদ্য আইন নিশ্চিত করতে আমরা প্রতিনিয়ত বাজার মনিটরিং করছি।

‘ইত্যাদি স্টোর’-এ যে ধরনের অনিয়ম পাওয়া গেছে, তা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভোক্তারা যাতে নিরাপদ ও মানসম্মত খাবার পান, তা নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশাপাশি আমাদের মনিটরিং ও ভেজালবিরোধী তৎপরতা কঠোরভাবে বজায় থাকবে।

অভিযান পরিচালনা শেষে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে ‘ইত্যাদি স্টোর’-এ অভিযান পরিচালনা করি। অনুসন্ধানে শিশুদের খাদ্যে ক্ষতিকর ভেজাল ও অনিয়মের সত্যতা মেলায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের তিনটি ধারায় মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, “শিশু খাদ্য নিয়ে কোনো ধরনের জালিয়াতি বা ভেজাল কারবারিদের ছাড় দেওয়া হবে না। বাজারে পণ্যের মান নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে যশোর জেলা পুলিশের একটি চৌকস দল উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।

আরো পড়ুন

সর্বশেষ