সাদনান রহমান সিয়াম, সাতক্ষীরা:
সাতক্ষীরা জেলার সবচেয়ে পুরনো উৎসব গুড়পুকুর মেলা আবারও জমে উঠেছে। বৃহস্পতিবার দুপুরে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন জেলা প্রশাসক মিজ্ কাউছার আজিজ।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, পৌরসভার সিইও মো. আসাদুজ্জামান, সদর ইউএনও অর্ণব দত্ত, জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এবং প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মিনি। পরে অতিথিরা পুরো মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন।
পার্কের বিশাল এলাকা জুড়ে এবার বসেছে ১৬০টিরও বেশি দোকান। মাটির তৈজসপত্র, বাঁশ-বেতের আসবাব, লোহার যন্ত্রপাতি, খেলনা, কসমেটিকস ও বাহারি মিষ্টির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, ছোট রেলগাড়ি ও নৌকা দোলনা। আয়োজকরা জানিয়েছেন, আপাতত ২০ দিনের জন্য মেলার অনুমতি দেওয়া হয়েছে, পরে চাহিদা অনুযায়ী সময় বাড়ানো হতে পারে।
প্রশাসন জানিয়েছে, মেলাকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো প্রকার চাঁদাবাজি বা জুয়ার আসর বসতে দেওয়া হবে না। পুরো পার্ক এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, এই মেলার বয়স প্রায় ৩৫০ বছর। তবে ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মেলার সার্কাস প্যান্ডেল ও শহরের রকসি সিনেমা হলে একযোগে বোমা হামলায় ৩ জন নিহত ও অর্ধশত আহত হওয়ার পর থেকে মেলাটি অনেকটা জৌলুস হারায়। দীর্ঘ বিরতির পর আবার প্রাণ ফিরে পাওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
