, , ,

সাতক্ষীরায় কলেজ শিক্ষার্থী জাকারিয়া হত্যা,১২ জনের বিরুদ্ধে মামলা,আটক ১

আরো খবর

সাদনান রহমান সিয়াম, সাতক্ষীরা:
সাতক্ষীরা শহরে ঘটে যাওয়া কলেজ শিক্ষার্থী জাকারিয়া খাঁন (১৯) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে কিশোর গ্যাং লিডার হিসেবে অভিযুক্ত নাহিদ হাসানকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারে ১২ জনের নাম উল্লেখ করা ছাড়াও অজ্ঞাত আরও ৬/৭ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে এ ঘটনায় মোহিত হাসান বনি (২০) নামে এক যুবককে আটক করেছে।

নিহত জাকারিয়া শহরের কাটিয়া মহল্লার বাসিন্দা আব্দুল গফুর খাঁনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, গত শুক্রবার (২ অক্টোবর) গভীর রাতে শহরের প্রাণিসম্পদ অফিসের সামনের কদমতলা এলাকায় এই ঘটনার সূত্রপাত। ওই এলাকার একটি চায়ের দোকানে নাহিদসহ কয়েকজন যায়। সেখানে চা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে দোকানদার রবিউলের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। তখন রবিউলের ভাইপো বাপ্পী হাসান এগিয়ে এসে প্রতিবাদ জানালে আসামিরা তাকে বেধড়ক মারধর করে এবং তার মাথায় ইট দিয়ে আঘাত করে।

ঠিক সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন জাকারিয়া। তিনি বাপ্পীকে বাঁচাতে গেলে হামলাকারীরা তার উপরও চড়াও হয়। অভিযোগ রয়েছে, এসময় প্রধান আসামি নাহিদ হাসান তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে জাকারিয়ার বুকে আঘাত করে। এতে গুরুতর জখম হন জাকারিয়া।

পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনার পর শনিবার রাতে নিহতের ভাই মো. শাহারিয়ার খাঁন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, মামলার ২ নম্বর আসামি মোহিত হাসান বনিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি শহরের ইটাগাছা এলাকায়, বাবার নাম মৃত ফিরোজ উদ্দিন।

মামলার অন্যান্য আসামিরা হলেন, প্রধান আসামি নাহিদ হাসান (২৫), মো. আরিজুল ইসলাম (২৮), ছোট ময়না (২৭), মো. জুয়েল (২৪), মো. সাগর (২৩), মো. রনি (৩০), মো. সামি (২৪), মো. নাঈম (২২), রাশিদুর জামান রাশেদ (৩০), মো. হুজাইফা (২০) এবং মো. শরিফুল ইসলাম শরিফ (২৮)।

নিহতের ফুফাতো ভাই মাসুম বিল্লাহ শাহীন জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে নাহিদ হাসানের নেতৃত্বে হামলা চালানোর দৃশ্য দেখা গেছে। তিনি দ্রুত সকল আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে অভিযুক্ত নাহিদ হাসানের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। ২০২৩ সালের ২৩ অক্টোবর বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. রমজান আলীকে ছুরিকাঘাতের ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়, যার চার্জশিটও দেওয়া হয়েছে। এছাড়া চলতি বছরের ১২ এপ্রিল শহরের আজিজুল ইসলামকে ছুরিকাঘাতের ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার বলেন, ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আরো পড়ুন

সর্বশেষ