, , ,

যশোর-বেনাপোল মহাসড়কে গাছই যেন বিজ্ঞাপনের খুঁটি

আরো খবর

সাব্বির হোসেন: যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে সারি সারি গাছ। এসব গাছের কাণ্ডে পেরেক ঠুকে, তার পেঁচিয়ে ও ধাতব বস্তু ব্যবহার করে টাঙানো হয়েছে বিভিন্ন ধরনের সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুন। ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, কোচিং সেন্টার, রাজনৈতিক সংগঠন ও ঘটকের প্রচারণাও চলছে গাছকে বিজ্ঞাপনের খুঁটি হিসেবে ব্যবহার করে।

সম্প্রতি মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, দুই পাশের অনেক গাছের গায়ে পেরেক দিয়ে সাইনবোর্ড লাগানো হয়েছে। কোথাও তার দিয়ে বাঁধা রয়েছে ব্যানার ও ফেস্টুন। আবার কোনো কোনো গাছে একাধিক বিজ্ঞাপন ঝুলছে। পুরোনো ফেস্টুনের ওপর নতুন ফেস্টুন লাগানোর ঘটনাও দেখা গেছে। এতে মহাসড়কের দুই পাশে থাকা গাছগুলোর স্বাভাবিক সৌন্দর্য অনেকটাই ঢাকা পড়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরেই মহাসড়কের গাছগুলোকে বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা হচ্ছে। মাঝেমধ্যে কিছু ব্যানার বা ফেস্টুন খুলে ফেলা হলেও কয়েক দিনের মধ্যে আবার সেখানে নতুন বিজ্ঞাপন লাগানো হয়। ফলে একবার অপসারণের পরও সমস্যাটি থেকে যাচ্ছে। তাঁদের অভিযোগ, নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা না থাকায় গাছের গায়ে বিজ্ঞাপন লাগানোর প্রবণতা বন্ধ হচ্ছে না।

গাছের কাণ্ডে পেরেক ঠুকে বিজ্ঞাপন লাগানো শুধু মহাসড়কের সৌন্দর্যই নষ্ট করছে না, এতে গাছেরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। কাণ্ডে পেরেকের আঘাতে ক্ষত তৈরি হলে সেখানে পানি, জীবাণু ও বিভিন্ন অণুজীব প্রবেশ করতে পারে। এতে ধীরে ধীরে গাছের স্বাভাবিক বৃদ্ধি ও সুস্থতা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

যশোর-বেনাপোল মহাসড়কের গাছ রক্ষার বিষয়টি অবশ্য নতুন নয়। ২০১৬ সালে মহাসড়কের দুই পাশে থাকা শতবর্ষী গাছ সংরক্ষণের দাবি ওঠে। পরবর্তী সময়ে মহাসড়ক সম্প্রসারণের সময় গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হওয়া এবং গাছ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার বিষয়েও বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশ হয়েছে। এর মধ্যে মহাসড়কের পাশে থাকা বেশ কিছু গাছ সামান্য বাতাসে উপড়ে পড়ার ঘটনাও ঘটেছে।

এরই মধ্যে গাছ রক্ষায় আইনগত বিধানও কার্যকর হয়েছে। বন ও বৃক্ষ সংরক্ষণ আইন, ২০২৬ অনুযায়ী গণপরিসরের সংজ্ঞার মধ্যে সড়কের পাশও অন্তর্ভুক্ত করা হয়েছে। আইনের ৯(১৩) ধারায় বাণিজ্যিক উৎপাদন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে পেরেক বা ধাতব বস্তুর মাধ্যমে বৃক্ষের ক্ষতিসাধন নিষিদ্ধ করা হয়েছে। এ বিধান লঙ্ঘনের জন্য একই আইনের ১০(৩) ধারায় সর্বোচ্চ ২০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। আইনটি গত ৬ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।

আইন কার্যকর হওয়ার পরও মহাসড়কের গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন লাগানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে নজরদারি নিয়ে। তাঁদের দাবি, শুধু গাছ থেকে ব্যানার, ফেস্টুন বা সাইনবোর্ড খুলে ফেললে সমস্যার সমাধান হবে না। যারা গাছের ক্ষতি করে এসব বিজ্ঞাপন লাগাচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নতুন করে কেউ যাতে গাছকে বিজ্ঞাপনের খুঁটি হিসেবে ব্যবহার করতে না পারে, সে জন্য নিয়মিত নজরদারি প্রয়োজন।

বন অধিদপ্তরের ডেপুটি রেঞ্জার আরিফুল আলম বলেন, গাছে পেরেক দেখলে তা তুলে ফেলার নির্দেশনা রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তুলে ধরে দ্রুত সমাধানের বিষয়ে আলোচনা করা হবে। তিনি আরও বলেন, পৌরসভার অভ্যন্তরে গাছে লাগানো পেরেক, সাইনবোর্ড, বিলবোর্ড ও ফেস্টুন পৌরসভা চাইলে সরিয়ে দিতে পারে।

যশোর জেলা পরিষদের সার্ভেয়ার এম. এ. মনজু বলেন, যশোর-বেনাপোল মহাসড়কের পাশের গাছগুলো জেলা পরিষদের তত্ত্বাবধানে রয়েছে। গাছের গায়ে পেরেক ঠুকে কিংবা ধাতব বস্তু ব্যবহার করে ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড লাগানোর বিষয়টি তাঁদের নজরে এসেছে। গাছে পেরেক মারা আইনবিরোধী। এর আগে বৃক্ষপ্রেমী আব্দুল ওয়াহেদের সহযোগিতায় গাছ থেকে ব্যানার, ফেস্টুন ও পেরেক অপসারণ করা হয়েছিল। তবে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারির পাশাপাশি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তবে অভিযান পরিচালনার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার প্রয়োজন রয়েছে বলে জানান জেলা পরিষদের এই কর্মকর্তা। তাঁর ভাষ্য, মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে জরিমানা কিংবা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব। কিন্তু জনবল সংকটের কারণে বর্তমানে জেলা পরিষদের পক্ষে এ ধরনের অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট এলাকার সহকারী কমিশনার (ভূমি) চাইলে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে অভিযান পরিচালনা করতে পারেন।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে মহাসড়কের গাছগুলো থেকে পেরেক, সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করবে। একই সঙ্গে ভবিষ্যতে গাছকে বিজ্ঞাপনের খুঁটি হিসেবে ব্যবহার বন্ধে নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগ নিশ্চিত করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ