, , ,

কেশবপুরে গর্ভবতী ছাগল জবাই নিয়ে চরম উত্তেজনা, গা-ঢাকা দিলেন কসাই মতিয়ার

আরো খবর

কেশবপুর প্রতিনিধি:

যশোরের কেশবপুর বড় বাজারের পৌর কসাইখানায় (চান্নি) গর্ভবতী ছাগল জবাই এবং পেটে জোড়া বাচ্চা পাওয়ার মর্মান্তিক ঘটনায় চরম জনরোষ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

৬ অক্টোবর মঙ্গলবার আনুমানিক ৩ টার দিকে ঘটে যাওয়া এ ঘটনার পরপরই অভিযুক্ত কসাই মো. মতিয়ার রহমানের ব্যবসায়িক লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিল করেছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত।

তবে এ ঘটনাকে কেন্দ্র করে পৌর কর্তৃপক্ষের তদারকিতে চরম গাফিলতি এবং প্রাণিসম্পদ বিভাগের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পশু জবাইয়ের নজিরবিহীন অনিয়ম প্রকাশ্যে এসেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কসাই মো. মতিয়ার রহমান বিক্রির উদ্দেশ্যে একটি গর্ভবতী ছাগল জবাই করেন। ছাগলের পেট কাটার পর পূর্ণাঙ্গ দুটি বাচ্চা বেরিয়ে এলে মতিয়ার তাড়াহুড়ো করে বাচ্চা দুটিকে একটি প্লাস্টিকের বালতিতে লুকিয়ে ফেলার চেষ্টা করেন। কসাইখানায় উপস্থিত ক্রেতা ও সাধারণ জনতা বিষয়টি টের পেয়ে তীব্র প্রতিবাদ জানান। ক্ষুব্ধ জনতা ধাওয়া করলে অভিযুক্ত কসাই মতিয়ার মাংস ও সরঞ্জাম ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে গা-ঢাকা দেয়।

খবর পেয়ে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান শেখ দ্রুত কসাইখানায় উপস্থিত হন। তিনি তল্লাশি চালিয়ে মাংশ, রক্তমাখা বালতি থেকে মৃত বাচ্চা দুটি উদ্ধারসহ ঘটনার সত্যতা পান। অভিযুক্ত কসাইকে না পাওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে কসাই মতিয়ারের লাইসেন্স বাতিল এবং মাংস বিক্রি বন্ধের নির্দেশ দেন।

সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান শেখ জানান, “গর্ভবতী পশুর মাংস বিক্রি সম্পূর্ণ অবৈধ, অমানবিক ও দণ্ডনীয় অপরাধ। প্রাথমিক প্রমাণ পাওয়ায় কসাইয়ের লাইসেন্স বাতিল করা হয়েছে। অভিযুক্তকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

পশু জবাই আইন অনুযায়ী, কসাইখানায় যেকোনো গবাদিপশু জবাইয়ের আগে প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা এবং গর্ভবতী কি না তা যাচাই করে ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। কিন্তু কেশবপুরে এই আইনের কোনো তোয়াক্কাই করা হচ্ছে না।

এ বিষয়ে কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অলোকেশ কুমার সরকার বলেন,

“পশু জবাইয়ের পূর্বে সেটির স্বাস্থ্য পরীক্ষা করা এবং গর্ভবতী কিনা তা যাচাই করে ছাড়পত্র দেওয়ার আইনি বিধান রয়েছে। কিন্তু পৌরসভার কসাইখানায় পশু জবাইয়ের ক্ষেত্রে আমাদের কোনো মতামত বা ছাড়পত্র নেওয়া হয় না। নিয়ম না মেনে পশু জবাই করায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। জনস্বাস্থ্য রক্ষায় কসাইখানাগুলোতে নিয়মিত পশু চিকিৎসকের তদারকি জরুরি।

এদিকে দীর্ঘদিন ধরে কসাইখানায় অসুস্থ ও অবৈধ পশু জবাই করা হলেও পৌর স্যানিটারি ইন্সপেক্টর সুজয় কুমার বিশ্বাস কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। সচেতন মহলের দাবি, স্যানিটারি অফিসার নিজে কসাইখানায় না গিয়ে পৌরসভার ‘আজিবার’ নামের এক ট্রাফিক কর্মচারীকে দিয়ে নামমাত্র তদারকি করাতেন। ওই কর্মচারীর মাধ্যমে গড়ে ওঠা সিন্ডিকেটের অসৎ সুযোগ নিয়েই কসাইরা দীর্ঘদিন ধরে এ ধরনের অপকর্ম চালিয়ে আসছে।

তবে নিজ কার্যালয়ে বসে এসব অভিযোগ অস্বীকার করে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সুজয় কুমার বিশ্বাস বলেন,

“আমি নিয়মিত কসাইখানা পরিদর্শনের চেষ্টা করি। ট্রাফিক কর্মচারী আজিবারকে দিয়ে আমি ছিল মারাই,আজ আমি আসছিলাম না হালিম সিল মেরে গিয়েছিল। কসাই মতিয়ারের এই অমানবিক কর্মকাণ্ডের দায় সম্পূর্ণ তার নিজের। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে আমরা প্রশাসনকে সব ধরণের সহযোগিতা করছি।

উপজেলায় প্রাণিসম্পদ বিভাগের স্বাস্থ্য পরীক্ষা ও ছাড়পত্র ছাড়াই অবাধে গবাদিপশু জবাই চলায় কেশবপুরের সাধারণ মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। স্থানীয় সচেতন নাগরিক ও ব্যবসায়ীদের দাবি, স্যানিটারি ইন্সপেক্টর সুজয়ের গাফিলতি বা এই কসাই সিন্ডিকেটের সাথে পৌর কর্মচারীদের প্রত্যক্ষ কোনো যোগসাজশ আছে কি না তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে হবে। একই সাথে কসাইখানায় পশু জবাইয়ের পূর্বে পশু চিকিৎসকের ছাড়পত্র নিশ্চিত করতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আরো পড়ুন

সর্বশেষ