, , ,

বাঁকড়ায় অবৈধ দখলদারদের ফুটপাত ছাড়ার নির্দেশ ইউএনওর

আরো খবর

সাব্বির হোসেনঃ
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ায় সড়ক ও ফুটপাত দখল করে দোকান বসানো এবং মালামাল রাখার অভিযোগ রয়েছে। এতে পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে। এসব জায়গা দখলমুক্ত করতে ব্যবসায়ীদের তিন দিনের সময় দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাইফুল্লাহ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে বাঁকড়ার বিভিন্ন সড়ক পরিদর্শন করেন ইউএনও। তিনি পারবাজার ব্রিজসংলগ্ন সড়ক, কাপড়পট্টি, বাঁকড়া ডিগ্রি কলেজ ও হাইস্কুল সড়ক, বাগআঁচড়া, হাড়িখালি এবং ঝিকরগাছা সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ফুটপাতের ওপর দোকানের মালামাল রাখা এবং সড়কের পাশে জায়গা দখল করে ব্যবসা করার কারণে পথচারীদের মূল সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে।

ইউএনও এম. সাইফুল্লাহ বলেন, সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা বা মালামাল রাখা যাবে না। আগামী তিন দিনের মধ্যে এসব জায়গা খালি করতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দখল না সরালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনের সময় বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আনিসুর রহমান, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম, বাজার কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, প্রশাসনের নির্দেশ বাস্তবায়ন হলে সড়ক ও ফুটপাত দিয়ে মানুষের চলাচল সহজ হবে।

আরো পড়ুন

সর্বশেষ