, , ,

চৌগাছায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

আরো খবর

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর):
যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা নিয়ামতপুর তাহযীবুল উম্মাহ দাখিল মাদ্রাসার সুপার শহিদুল ইসলামের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারী নিয়োগের নামে ২২ লাখ ৪০ হাজার টাকা গ্রহণ, প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের যথাযথ হিসাব না দেওয়া এবং আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা ম্যানেজিং কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। পাশাপাশি ২০১৫ সালের জুন থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদনে চারটি খাতে ৮ লাখ ৭৯ হাজার ১৮৬ টাকার অসংগতি তুলে ধরা হয়েছে।
শিক্ষক-কর্মচারীদের লিখিত অভিযোগ ও নিরীক্ষা প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট অর্থের সঠিক হিসাব নির্ধারণের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

শিক্ষক-কর্মচারীদের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত কয়েকজন শিক্ষক-কর্মচারীর নিয়োগের সময় নিয়োগ বোর্ডের খরচ ও মাদ্রাসার উন্নয়নের কথা বলে তাঁদের কাছ থেকে মোট ২২ লাখ ৪০ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে এসব অর্থের সুনির্দিষ্ট হিসাব দেওয়া হয়নি। এমনকি ওই টাকা মাদ্রাসার উন্নয়নকাজে ব্যয় করা হয়েছে কি না, সে বিষয়েও তাঁরা সন্তোষজনক তথ্য পাননি বলে দাবি করেছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ইবতেদায়ি প্রধান শাহানারা খাতুনের কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা, ইবতেদায়ি মৌলভী নার্গিস পারভীনের কাছ থেকে ৩ লাখ ২০ হাজার টাকা, আয়া সুমনা খাতুনের কাছ থেকে ৬ লাখ ৯০ হাজার টাকা, পরিচ্ছন্নতাকর্মী জুবায়ের হোসেনের কাছ থেকে ৪ লাখ ৮০ হাজার টাকা এবং সহ-সুপার মহিদুল ইসলামের কাছ থেকে ৩ লাখ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া শাহানারা খাতুন ও নার্গিস পারভীনের নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, ২০২২ সালে তাঁদের নিয়োগ দেখানো হলেও যথাযথ নিয়োগ বোর্ড গঠন ও বিধিবিধান অনুসরণের ক্ষেত্রে অনিয়ম হয়েছে। এ বিষয়ে অভিযোগপত্রে স্বাক্ষর জালিয়াতির অভিযোগও করা হয়েছে।
নিরীক্ষা প্রতিবেদনে ৮ লাখ ৭৯ হাজার টাকার অসংগতি

মাদ্রাসার ২০১৫ সালের জুন থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত অভ্যন্তরীণ আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষা করা হয়। নিরীক্ষা প্রতিবেদনে চারটি খাতে মোট ৮ লাখ ৭৯ হাজার ১৮৬ টাকার অসংগতি তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত টিউশন ফি বাবদ উত্তোলিত ৩ লাখ ৬৩ হাজার ২০০ টাকা শিক্ষক-কর্মচারীদের মধ্যে বণ্টন কিংবা মাদ্রাসার উন্নয়নকাজে ব্যয়ের প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে নিয়মিত আয় থেকে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ব্যয় দেখানো ২ লাখ ৭৫ হাজার ২৪৬ টাকারও প্রয়োজনীয় প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন খাতে ২ লাখ ৪ হাজার ৭৪০ টাকা ব্যয় দেখানো হলেও সংশ্লিষ্ট ভাউচার পাওয়া যায়নি। অন্যদিকে, মাদ্রাসার মাঠে ঠিকাদারের ইট-বালু রাখার জন্য ভাড়া বাবদ পাওয়া ৩৬ হাজার টাকা প্রতিষ্ঠানের কোনো কাজে ব্যয় করা হয়নি বলেও নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিছু ব্যয়ের ক্ষেত্রে ভাউচার বা প্রয়োজনীয় প্রমাণ না থাকলেও সেগুলো অডিট আপত্তি থেকে বাদ দেওয়া হয়েছে। কয়েকটি ভাউচারের খাত ও তারিখের মধ্যে অসংগতি রয়েছে। পাশাপাশি অধিকাংশ ভাউচার নিয়ম অনুযায়ী অনুমোদিত নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এমপিওভুক্ত করার নামে অর্থ লেনদেনের অভিযোগ

মাদ্রাসাটিকে এমপিওভুক্ত করার উদ্যোগ ঘিরেও আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন শিক্ষক-কর্মচারীরা।
তাঁদের অভিযোগ, ২০১৯ সালে মাদ্রাসাটি এমপিওভুক্ত করার জন্য যশোর সদর উপজেলার মাহিদিয়া সম্মিলনী মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ ফারুক হোসেনকে দেওয়ার কথা বলে সুপার শহিদুল ইসলামের মাধ্যমে ৯ লাখ টাকা দেওয়া হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, পরবর্তী সময়ে মাদ্রাসাটি এমপিওভুক্ত না হওয়ায় ৪ লাখ টাকা খরচ দেখিয়ে বাকি ৫ লাখ টাকা ফেরত দেওয়া হয়। এ ছাড়া শিক্ষক মনির ইসলামের বাবদ ১ লাখ টাকাসহ বিভিন্ন হিসাবে মোট ৬ লাখ টাকা ফেরত পাওয়া যায়নি বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
অভিযোগকারীদের দাবি, এসব অর্থের পূর্ণাঙ্গ হিসাব ও প্রয়োজনীয় প্রমাণ তাঁদের দেওয়া হয়নি। অর্থ লেনদেনের প্রকৃত পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, রসিদ, ব্যাংক লেনদেনের নথি এবং অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র যাচাই করা প্রয়োজন।
আর্থিক স্বচ্ছতা নিয়ে উদ্বেগ:

শিক্ষক-কর্মচারীদের অভিযোগ, নিয়োগসংক্রান্ত অর্থ লেনদেন এবং প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব নিয়ে ওঠা নানা প্রশ্নের কারণে মাদ্রাসায় অসন্তোষ সৃষ্টি হয়েছে। তাঁদের মতে, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, আর্থিক হিসাব যাচাই এবং প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

অভিযোগের বিষয়ে মাদ্রাসার সুপার শহিদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।” এ কথা বলেই তিনি কল কেটে দেন।
এ বিষয়ে জানতে চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম বজলুর রশিদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

আরো পড়ুন

সর্বশেষ