, , ,

ইমামের সম্মানী জালিয়াতি: খবর প্রকাশের পর কেশবপুরে এমপির নির্দেশে বিতর্কিত তালিকা বাতিল

আরো খবর

কেশবপুর প্রতিনিধিঃ

যশোরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি সম্মানী তালিকায় নাম জালিয়াতির সংবাদ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ হওয়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গণমাধ্যমে খবর প্রকাশের পর যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর হস্তক্ষেপে গড়ভাঙ্গা বায়তুন নূর জামে মসজিদের বিতর্কিত তালিকাটি বাতিল করা হয়েছে। একই সাথে ওই মসজিদের পরিবর্তে ‘গড়ভাঙ্গা পূর্বপাড়া জামে মসজিদ’-এর প্রকৃত ইমাম ও সেবায়েতদের নাম যুক্ত করে নতুন তালিকা সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে।

এর আগে গড়ভাঙ্গা বায়তুন নূর জামে মসজিদের মূল ইমাম মাওলানা আব্দুর রহমান এবং খাদেম আব্দুল রাজ্জাকের নাম পরিবর্তন করে স্থানীয় দুই নেতার নাম সরকারি সম্মানী তালিকায় পাঠানোর গুরুতর অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় মুসল্লিদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে।

তালিকা বাতিলের সিদ্ধান্তকে অনেকে ইতিবাচক হিসেবে দেখলেও নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়েছে গড়ভাঙ্গা বায়তুন নূর জামে মসজিদের সাধারণ মুসল্লিদের মনে। তাঁদের অভিযোগ, কতিপয় সুবিধাবাদীর জালিয়াতি ও অনিয়মের কারণে পুরো মসজিদকেই সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা অন্যায়।

স্থানীয় মুসল্লিরা জানান, ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে গিয়ে যাঁরা ভুয়া তথ্য দিয়ে তালিকা জমা দিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল। তা না করে পুরো মসজিদের নাম বাদ দিয়ে অন্য মসজিদকে অন্তর্ভুক্ত করায় প্রকৃত ইমাম ও খাদেম তাঁদের পাওনা থেকে বঞ্চিত হলেন।

এ বিষয়ে সাধারণ মুসল্লি ও এলাকাবাসীর জোর দাবি, জালিয়াতি চক্রের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে গড়ভাঙ্গা বায়তুন নূর জামে মসজিদের প্রকৃত ইমাম ও খাদেমের নামই পুনঃতদন্তের মাধ্যমে নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হোক।

আরো পড়ুন

সর্বশেষ