,কেশবপুর প্রতিনিধি:
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের আগামী ২৫ জানুয়ারি ২০৩তম জন্মবার্ষিকী-২০২৭ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সবার মতামতের ভিত্তিতে এবার কবির জন্মস্থান যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে একদিনের জন্য জন্মবার্ষিকী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সপ্তাহব্যাপী ‘মধুমেলা-২০২৭’ আয়োজনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) সকালে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কালেক্টরেটের ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে এই প্রস্তুতিমূলক সভা হয়। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান-এর সভাপতিত্বে সভায় যশোর জেলা ও কেশবপুর উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ উন্মুক্ত আলোচনা ও উপস্থিত সবার মতামতের ভিত্তিতে এবার সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত একদিনের কর্মসূচির মাধ্যমে মহাকবির ২০৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানান, দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় মধুমেলা আয়োজনের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
