রাজগঞ্জ অফিস ও অভয়নগর প্রতিনিধি: দরজায় কড়া নাড়ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের অন্যতম ঈদুল আযহা। এই ঈদের অন্যতম কাজ হচ্ছে পশু কোরবানি করা। তাই ঈদুল আযহাকে সামনে রেখে যশোরের রাজগঞ্জ অভয়নগরসহ পশ্চিমাঞ্চলের বিভিন্ন হাট-বাজারে ও গ্রামাঞ্চলে টুং টাং শব্দই জানান দিচ্ছে আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল আযহা। কোরবানির পশু জবাই করার পর মাংস সাইজ করতে ছুরি, চাপাতি, দা, বটির প্রয়োজন। সেগুলো সংগ্রহ এবং প্রস্তুুত করতে এখনই সবাই ব্যস্ত সময় পার করছেন। আর এগুলো তৈরী বা শান দিতে প্রয়োজন হয় কামারদের। তাইতো বছরের এই কোরবানী ঈদকে পুঁজি করে ব্যস্ত থাকেন কামার পল্লীর সবাই।
কয়লার দগদগে আগুনে লোহাকে পুড়িয়ে পিটিয়ে তৈরী করছেন এসব ধারালো সামগ্রী। তবে এসব তৈরিতে এখনও আধুনিকতার কোন ছোঁয়া লাগেনি বৃহত্তর এ উপজেলার কামার পল্লীতে। পুরানো সে কালের নিয়মেই চলছে আগুনে পুড়ানো লোহা থেকে ধারালো সামগ্রী তৈরির কাজ। তাইতো পশু কোরবানির জন্য দা, ছুরি, বটি ও চাপাতিসহ প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে এখন থেকেই বৃহত্তর এ উপজেলার গ্রামাঞ্চলের মানুষ প্রতিটা হাট-বাজার ও কামার বাড়িতে ভিড় জমাচ্ছে। সেই সাথে অনেকে আবার দা, বটি, ছুরি ও চাপাতিসহ পুরানো সরঞ্জাম মেরামত অথবা শান দিয়ে নিচ্ছেন।
রাজগঞ্জ বাজারে আসা চালুয়াহাটি ইউনিয়নের রামনাথপুর গ্রামের ক্রেতা আব্দুল ওয়াদুদ, ঝাঁপা ইউনিয়নের হানুয়ার কলেজপাড়া গ্রামের ক্রেতা ইউসুফ আলী, মেহেদি হাসান ও হানুয়ার বাগের আলী গ্রামের ওসমান গণি জানান, কোরবানি ঈদকে সামনে রেখে আগে ভাগেই চাপাতি ও ছুরিসহ অন্যান্য সরঞ্জাম কেনার কাজটি সেরে নিচ্ছেন। তবে গত বারের চেয়ে এবার প্রতিটা জিনিষের দাম অনেকটা বেশি বলে দাবি করেন এ ক্রেতারা।
রাজগঞ্জ বাজারের কর্মকার বিনয় কুমার, বাসুদেব কুমার, নিতাই কুমার ও গৌর কুমার জানান, সব সময় কাজ থাকে না। আর কাজ না থাকার কারণে পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করতে হয় তাদের। তাই কোরবানি ঈদকে সামনে রেখে দা, ছুরি, চাপাতি ও বটি তৈরীর কাজে ব্যস্ত সময় পার করছেন তারা।
অভয়নগর: ঈদকে সামনে রেখে পশু কোরবানির সরঞ্জাম জোগান দিতে ব্যস্ত সময় পার করছেন যশোরের অভয়নগরের বিভিন্ন স্থানের কামারশালার কারিগররা। দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে তাদের ব্যস্ততা। লোহার আওয়াজ, হাপরের ফোঁসফাঁস আর হাতুড়িপিটার টুংটাং শব্দে মুখরিত এখন উপজেলার সকল কামারপাড়া।

কামারশালায় সারা বছরই লোহার তৈরি দা, বটি, ছুরি, চাপাতি, কোদাল, কুড়াল, কাঁচি পাওয়া যায়। তবে কোরবানির ঈদকে সামনে রেখে পুরনো যন্ত্রপাতিতে বেড়েছে শানের কাজ। বিক্রেতারা জানান, পশুর চামড়া ছাড়ানোর ছুরি ১০০ থেকে ৩০০ টাকা, দা ৫০০ থেকে ৬০০ টাকা, বটি ৩০০ থেকে ৫০০ টাকা, পশু জবাইয়ের ছুরি ৩০০ থেকে ৬০০টাকা, চাপাতি ৯০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ক্রেতাদের অভিযোগ অন্য বছরের তুলনায় দা, বটি, ছুরি, চাপাতির দাম একটু বেশি।
উপজেলার তালতলা এলাকার সোহাগ কর্মকার জানান, কয়লা সষ্কট ও দা-বটি বানানোর লোহা আর ইস্পাতের দাম বৃদ্ধি। ঈদ এলে আমাদের কেনা বেচা বেড়ে যায়। ঈদের দুই থেকে তিন সপ্তাহ আগে থেকে কাজের চাপে দম ফেলার অবস্থা থাকে না। তবে শানের কাজ বেশি। সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন।
উপজেলার বেঙ্গল গেট এলাকার সুমন কর্মকার জানান, এ মুহূর্তে কারিগর সংকট। এ পেশায় এখন কেউ আসতে চায় না। ঘাটের লেবার দিয়ে কাজ করাতে হয়। গত বছরের তুলনায় কেনা বেচা কম। এ বছর চায়না স্টিলের সরঞ্জাম কিনছে অনেকে।
