, , ,

কালীগঞ্জে বিএনপির কর্মসূচিতে দলীয় ব্যানার হাতে নিয়ে ওসির অংশগ্রহণ,জনমনে নানা প্রশ্ন

আরো খবর

মোঃ সোহাগ, কালীগঞ্জ (ঝিনাইদহ):

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে দলীয় ব্যানার হাতে নিয়ে অংশগ্রহণের অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলীর বিরুদ্ধে। পুলিশের ইউনিফর্ম পরেই বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ব্যানার ধরে র‍্যালিতে অংশ নেওয়া এবং সমাবেশের মঞ্চে তাঁর উপস্থিতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় পুলিশের পেশাগত নিরপেক্ষতা ও সরকারি চাকরির আচরণবিধি নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। এর মধ্যে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওসিকে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (৮ নভেম্বর) বিকেলে কালীগঞ্জের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও র‍্যালির আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান মনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, নেতা তবিবুর রহমান মিনি, যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু, যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশস্থলে পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় মঞ্চে ওসি জুলফিকার আলীকে দেখা যায়। পরে র‍্যালির সামনের সারিতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে একই দলীয় ব্যানার ধরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতেও দেখা গেছে তাঁকে। এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। কেউ সরকারি চাকরির আচরণবিধির বিষয়টি সামনে আনেন, আবার কেউ ব্যঙ্গ করে প্রশ্ন করেন, ওসি বিএনপিতে যোগ দিলেন কবে?

এদিকে সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার আমির মো. আব্দুল হক ও সেক্রেটারি মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার রাজনৈতিক দলের কর্মসূচিতে এ ধরনের দৃশ্যমান উপস্থিতি গভীর উদ্বেগ ও হতাশার সৃষ্টি করেছে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পুলিশ কর্মকর্তাদের দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের প্রতি সমান আচরণ এবং রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব। কোনো রাজনৈতিক দলের ব্যানার বহন কিংবা দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে একজন পুলিশ কর্মকর্তা তাঁর নিরপেক্ষতার অবস্থান প্রশ্নবিদ্ধ করতে পারেন না।

কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল হক বলেন, একটি রাজনৈতিক দলের কর্মসূচির ব্যানারে থেকে ওসি দলীয় নেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে কোনো পুলিশ কর্মকর্তা দলীয় পরিচয়ে বা ভূমিকায় অবতীর্ণ হতে পারেন না। এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে আমরা রাজনৈতিকভাবে কর্মসূচি দিতে বাধ্য হব।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ২৫(১) বিধিতে সরকারি কর্মচারীদের রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বা সহায়তার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ ছাড়া পুলিশ রেগুলেশনস বেঙ্গল, ১৯৪৩-এর ১০৬ নম্বর প্রবিধানে পুলিশ সদস্যদের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের আচরণবিধি অনুসরণের কথা বলা হয়েছে।

জামায়াতের বিবৃতিতে প্রশাসনের নিরপেক্ষতা ও জনআস্থা বজায় রাখতে রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোকে দলীয় প্রভাবমুক্ত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ঝিনাইদহের পুলিশ সুপারের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ওসি জুলফিকার আলীকে কালীগঞ্জ থানা থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

তবে এ বিষয়টি জানতে কালীগঞ্জ থানার সরকারি 01320144252 নং মোবাইলে ফোন দিলে ওসি জুলফিকার আলী ফোনটা রিসিভ না করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

আরো পড়ুন

সর্বশেষ