, , ,

কেশবপুরে উদ্যোক্তা ইয়াছিন আলীর বিষমুক্ত ফল চাষ, ১০ শতক জমিতে দুই লাখ টাকা আয়

আরো খবর

কেশবপুর প্রতিনিধি:আধুনিক কৃষি প্রযুক্তির সদ্ব্যবহার এবং বিষমুক্ত সবজি ও ফল চাষ করে সফলতা অর্জন করেছেন যশোর জেলার কেশবপুর উপজেলার ২ নং সাগরদাঁড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সন্তান ইয়াছিন আলী সানা। পেশায় সাগরদাঁড়ি ইউনিয়ন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্লাটুন কমান্ডার হলেও, কৃষির প্রতি অদম্য ভালোবাসা আর কঠোর পরিশ্রমে তিনি আজ এলাকার একজন সফল কৃষি উদ্যোক্তা।

মৃত মো: সাহেব আলী সানার ছেলে ইয়াছিন আলী দীর্ঘ ১০ বছর ধরে নিজের তৈরি জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করে পরিবেশবান্ধব কৃষি পরিচালনা করছেন। কোনো প্রকার রাসায়নিক কীটনাশক ছাড়াই পুষ্টিকর ও বিষমুক্ত খাদ্য উৎপাদনে তিনি দেখিয়েছেন অনন্য পথ।

মাত্র ১০ শতক জমিতে ইয়াছিন আলী গড়ে তুলেছেন সমৃদ্ধ সবজির বাগান। এখানে উৎপাদিত হচ্ছে ওল, বেগুন, কাঁচা মরিচ, হলুদ, মানকচু, মাটি আলু, পুঁইশাক, ভেন্ডি ও লেবুসহ হরেক রকমের সবজি। বাজারজাতকরণের সহজ সুবিধা এবং নিরাপদ খাদ্যের চাহিদা থাকায় শুধু সবজি খাত থেকেই প্রতি বছর তার বাড়তি আয় হয় প্রায় ৫০ হাজার টাকারও বেশি।

সবজি চাষের পাশাপাশি ইয়াছিন আলী এক বিঘা জমিতে সম্পূর্ণ বিষমুক্ত আম চাষ করেছেন। এ বছর আম বিক্রি করে তিনি ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় করেছেন, যেখানে তার মোট খরচ হয়েছিল মাত্র ৫ হাজার টাকা।

এছাড়া কোনো রাসায়নিক ছাড়াই তিনি কলা ও পেঁপে উৎপাদন করেন। এই দুই ফল বিক্রি করে বছরে ২৫ থেকে ৩০ হাজার টাকা আয় আসে, যেখানে উৎপাদন খরচ হয় মাত্র ২ হাজার টাকার মতো। বর্তমানে শুধুমাত্র কলা চাষ থেকেই তিনি প্রতি মাসে গড়ে ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত আয় করছেন। সব মিলিয়ে বিভিন্ন সবজি ও ফল চাষ থেকে বছরে তার মোট আয় দুই লাখ টাকা ছাড়িয়ে যায়।

কৃষি উদ্যোক্তা ইয়াছিন আলী বলেন, “আমি নিজ হাতে জৈব সার ও জৈব বালাইনাশক তৈরি করে জমিতে ব্যবহার করি। এতে উৎপাদন খরচ অত্যন্ত কম হয় এবং ফলনও মেলে দ্বিগুণ। তবে আমার এই অগ্রযাত্রায় কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং সাগরদাঁড়ি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুর ইসলাম স্যারের পরামর্শ ও দিকনির্দেশনা বড় ভূমিকা রেখেছে।

অল্প খরচে বিষমুক্ত সবজি ও ফল উৎপাদন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি ইয়াছিন আলী সানা এখন এলাকার উদীয়মান তরুণ ও কৃষকদের জন্য এক অনুপ্রেরণার নাম। রাসায়নিকমুক্ত নিরাপদ কৃষির বিস্তার ঘটানোই এখন তার মূল লক্ষ্য।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুর ইসলাম বলেন ইয়াছিন আলী একজন দৃষ্টান্তমূলক ও পরিশ্রমি কৃষি উদ্যোক্তা। তিনি সম্পূর্ণ রাসায়নিক মুক্ত উপায়ে নিজ হাতে তৈরি জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করে সবজি ও ফল উৎপাদন করছেন, যা বর্তমান সময়ে অত্যন্ত প্রশংসনীয়। মাত্র ১০ শতক জমিতে বৈচিত্র্যময় সবজির চাষ এবং আম ও কলা থেকে অল্প খরচে অধিক মুনাফা অর্জন করে তিনি প্রমাণ করেছেন যে, সঠিক পরিকল্পনা ও আধুনিক কৌশলে কৃষিতে বড় সাফল্য অর্জন করা সম্ভব। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে প্রতিনিয়ত পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়ে আসছি। তার এই পরিবেশবান্ধব ও লাভজনক কৃষি পদ্ধতি দেখে এলাকার অন্য কৃষকরাও উদ্বুদ্ধ হচ্ছেন।

আরো পড়ুন

সর্বশেষ