কেশবপুর প্রতিনিধি:
দারিদ্র্য, পিতৃহীনতা কিংবা মাইলের পর মাইল দুর্গম পথ হেঁটে যাওয়ার কোনো প্রতিকূলতাই দমাতে পারেনি তাদের। চরম অনটন ও সীমাহীন কষ্টকে পেছনে ফেলে এবারের এসএসসি পরীক্ষায় অদম্য মেধার স্বাক্ষর রেখেছে যশোরের কেশবপুর ও মনিরামপুরের তিন শিক্ষার্থী—অভিজিৎ রায়, তানিয়া নাসরিন এবং সুমি খাতুন। যশোর বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হলেও পরিবারের চরম অর্থাভাবে তাদের উচ্চশিক্ষা ও ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন এখন চরম অনিশ্চয়তার মুখে।
কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অভিজিৎ রায় অর্জন করেছে ‘গোল্ডেন জিপিএ-৫’। সপ্তম শ্রেণিতে পড়ার সময় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা অশোক রায়। মা স্বপ্না রায় শত কষ্টের মধ্যেও দিনরাত পড়াশোনা করা ছেলের মেধার প্রদীপ নিভে যেতে দেননি। কিন্তু অর্থাভাবে ভালো কোনো কলেজে ভর্তি করানো বিধবা মায়ের সাধ্যের বাইরে। অভিজিৎ জানায়, “বাবার স্বপ্ন ছিল আমাকে ডাক্তার বানানোর। শিক্ষক সেলিম স্যার ও শাহানাজ পারভীন ম্যাডামের নির্দেশনায় এতদূর এসেছি। সাহায্য পেলে পড়াশোনা চালিয়ে বাবার স্বপ্ন পূরণ করতে চাই।
অভিজিৎয়ের মা স্বপ্না রায় বলেন, ‘অভাবের সংসারে কখনো অনাহারে, কখনো অর্ধাহারে থেকেও ছেলে পড়াশোনা থেকে পিছপা হয়নি। শত বাধা পেরিয়ে সে ভালো ফল করেছে। কিন্তু এখন তাকে ভালো কলেজে পড়ানোর মতো সামর্থ্য আমার নেই। তার বাবার স্বপ্ন ছিল ছেলেকে ডাক্তার বানাবেন। সেই স্বপ্ন পূরণ করতে হলে মানুষের সহযোগিতা প্রয়োজন।’
কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ভ্যানচালক আবুল হোসেনের মেয়ে তানিয়া নাসরিন। প্রায় ছয় মাস জলাবদ্ধ থাকা ব্যাসডাঙ্গা গ্রাম থেকে বর্ষাকালে পানি ডিঙিয়ে তিন কিলোমিটার হেঁটে স্কুলে যেত সে। অভাবের সংসারে ঠিকমতো খাবার না পেলেও অদম্য ইচ্ছাশক্তিতে ভর করে পেয়েছে সাফল্য। তানিয়া বলে, “আমার ফলাফলে গ্রামবাসী আনন্দিত হলেও ভ্যানচালক বাবার পক্ষে ভালো কলেজে পড়ানোর সামর্থ্য নেই। অন্যের সহায়তা ছাড়া ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ সম্ভব নয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু তানিয়ার উচ্চশিক্ষা সচল রাখতে দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আকুতি জানিয়েছেন।
তানিয়ার মা ফরিদা বেগম বলেন, মেয়েটার মুখে ঠিকমতো খাবার দিতে পারিনি। তার পরও পড়া চালিয়ে গেছে। একটি দিনের জন্যও স্কুলে যাওয়া বন্ধ করেনি। স্কুলের স্যারেরা মেয়েটাকে পড়াশোনার বিষয়ে সাহায্য করেছেন। এখন কিভাবে মেয়েকে পড়াব, তা জানি না।
গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু বলেন, ‘তানিয়া আমাদের প্রতিষ্ঠানের গর্ব। স্কুল থেকে সাধ্যমতো তাকে সহায়তা দেওয়া হয়েছে। কিন্তু তার পরিবার আর্থিকভাবে অসচ্ছল। এ কারণে আমরাও তার উচ্চশিক্ষা নিয়ে চিন্তিত। সমাজের দানশীল ও বিত্তবানরা এগিয়ে এলে এই অদম্য মেধাবী একদিন ডাক্তার হয়ে মানুষের স্বাস্থ্য সেবায় এগিয়ে আসতে পারবে।
মনিরামপুর উপজেলার বাঙালীপুর গ্রামের দিনমজুর আব্দুস সাত্তারের মেয়ে সুমি খাতুন। পাঁচ সদস্যের সংসার সামলাতে বাবাকে হিমশিম খেতে হয়। যাতায়াতের সাইকেল বা ভাড়ার টাকা না থাকায় প্রতিদিন ১০ কিলোমিটার যাওয়া এবং ১০ কিলোমিটার আসা মোট ২০ কিলোমিটার পথ পায়ে হেঁটে স্কুলে যাতায়াত করত সুমি। নানার মৃত্যুর পর চরম প্রতিকূলতার মুখে পড়লেও সে পড়ালেখা ছাড়েনি। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেলেও এখন তার চিন্তা কলেজে ভর্তি ও পড়াশোনার খরচ দিনমজুর বাবা কীভাবে সামলাবেন?
উপজেলা শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ বলেন কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অভিজিৎ রায় ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের তানিয়া নাসরিনের এই অদম্য সাফল্য সত্যিই প্রশংসনীয় এবং আমাদের জন্য গর্বের। চরম অনটন ও পিতৃহীনতার মতো কঠোর বাস্তবতাকে পেছনে ফেলে তাদের এই অর্জন অদম্য মেধারই প্রমাণ। কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন অর্থের অভাবে থমকে না যায়, সে বিষয়ে আমরা সচেতন। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সরকারি উপবৃত্তি ও প্রাতিষ্ঠানিক সহায়তার ব্যবস্থা করা হবে। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এই মেধাবীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মো. মেশকাতুল ইসলাম বলেন প্রতিকূল পরিবেশ জয় করা কেশবপুরের এসব অদম্য মেধাবী শিক্ষার্থীদের আন্তরিক শুভকামনা জানাই।
অর্থাভাবের কারণে এই মেধার প্রদীপ নিভে যেতে দেওয়া হবে না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিজিৎ রায় ও তানিয়া নাসরিনসহ এসব অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিকে ভর্তি ও পড়াশোনা সচল রাখার জন্য প্রয়োজনীয় আর্থিক ও আনুষঙ্গিক সহায়তা প্রদান করা হবে। সমাজের দানশীল ব্যক্তিরাও তাদের চিকিৎসাবিদ হওয়ার স্বপ্ন পূরণে এগিয়ে আসবেন বলে আশা করি।
