কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে চলন্ত মোটরসাইকেলের নিচে চাপা পড়ে পাঁচ বছর বয়সী একটি মায়া হনুমান মারা গেছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একদল হনুমান সাহাপাড়া এলাকার সড়কে ঘোরাফেরা করছিল। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল ওই পথ দিয়ে যাওয়ার সময় একটি মায়া হনুমানকে সজোরে ধাক্কা দেয় এবং এর ওপর দিয়ে চলে যায়। এতে হনুমানটি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়ে।
ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হনুমানটিকে উদ্ধার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তৌহিদুল ইসলাম হনুমানটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণ ও আঘাতে হনুমানটি মারা গেছে। মৃত অবস্থাতেই তাকে হাসপাতালে আনা হয়েছিল।
