কেশবপুর প্রতিনিধি: কেশবপুরের সম্প্রতি বেড়ে ওঠা সেই হাতুড়ি বাহিনীর হাতে শিক্ষক সাংবাদিক এবং আওয়ামী লীগ নেতাসহ এপর্যন্ত ১০ জন গণ্যমান্য ব্যক্তি হামলার শিকার হয়েছেন। তার মধ্যে পঙ্গু হয়ে মৃত্যুর প্রহর গুনছেন জজ আলী নামে একজন সমাজসেবী।
জজ আলীর বাড়ি উপজেলার চালিতা বাড়িয়া গ্রামে। তিনি ভালুকঘর বহুমুখী মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের নির্বাচিত অভিভাবক সদস্য ছিলেন। ভালুকঘর বাজারে তার উপর প্রকাশ্যে হামলা চালানো হয়। হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে রক্তাত জখম করা হয়। এই হামলার পর তিনি পঙ্গু হয়ে শর্য্যাশাহী রয়েছেন।
এর কিছুদিন পর হামলার শিকার হন একই গ্রামের হাসান আলী। তিনি ভালুকঘর বাজারে কাপড় ব্যবসায়ী ছিলেন। হাতুড়ি বাহিনীর হামলা এবং অব্যাহত হুমকির মুখে তিনি ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বর্তমানে গ্রামে বসবাস করছেন।
হাতুড়ি বাহিনীর হামলায় গুরুতর আহত হন ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সদস্য শ্যামল মল্লিক ও তাঁর ভাই ভালুকঘর বহুমুখী মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কোমল মল্লিক। প্রাথমিক বিদ্যালযের কমিটি গঠনে হাতুড়ি বাহিনীর প্রধান ফারুক হোসেন জাকারিয়াকে ভোট না দেয়ায় কেশববপুর বাজারে তাকে মারপিট করে জামা ছিড়ে দেয়া হয়। তাঁর ছোটভাই ইউপি সদস্য শ্যমল মল্লিককে মারপিট করা হয় ভালুকঘর রথ খোলা মাঠে।
হাতুড়ি বাহিনীর হামলা এবং অব্যাহত হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতার মুখে পড়েন সাগরদাঁড়ি কারিগরি কলেজের বাংলা প্রভাষক কানাইলাল ভট্ট্রাচার্য্য। তার কাছ থেকে মোটা দাগের চাঁদাও নিয়েছিল বলে দাবি করেছেন স্থানীয়রা।
বাহিনীর প্রধান ফারুক হোসেন জাকারিয়ার বিরুদ্ধে প্রতারণা এবং চেক জালিয়াতির মামলা করায় হামলার শিকার হন ভালুকঘর গ্রামের মহম্মদ গাজীর ছেলে আলী হাসান। তাকে স্বাস্থ্য বিভাগে চাকরি দেয়ার কথা বলে বিমানে করে ঢাকায় নিয়ে যান এবং ৫ লাখ টাকা উৎকোচ গ্রহণ করে। পরে তার হাতে একটি নিয়োগপত্র ধরিয়ে দেয় এবং রাজধানীর একটি হাসপাতালে রেখে তারা চলে আসে। আলী হাসান ওই হাসপাতালে গিয়ে জানতে পারেন তার নিয়োগপত্রটি অবৈধ। তিনি বাড়ি ফিরে মামলা করলে তার উপর হামলা করা হয়। বর্তমানে তিনি চরম নিরাপত্তহীনতায় ভুগছেন।
খোলাবজারের চাল বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় হাতুড়ি বাহিনীর হামলার শিকার হন দৈনিক আমাদের সময় পত্রিকার কেশবপুর প্রতিনিধি আব্দুর রহমান।
ভিজিএফ কার্ডের খবর জানতে গিয়ে হামলার শিকার হন ভালুকঘর গ্রামের দরিদ্র কৃষক তরিকুল ইসলাম।
নোটিশ ছাড়া মাদ্রসার জমি লিজ দেয়ার প্রতিবাদ করায় হামলার শিকার হন ভালুকঘর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মণি। ভালুকঘর গণির চায়ের দোকানে তার উপর হামলা চালায় হাতুড়ি বাহিনী।
সর্বশেষ ২৫ জুন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের যুগ্ম আহবায়ক সাংবাদিক আব্দুল্লাহ আলমাহফুজের উপর ফ্লিমি স্টাইলে হামলা চালিয়েছে হাতুড়ি বাহিনী। হাতুড়ি বাহিনীর প্রধানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উপহারের চাল চুরির সংবাদ প্রকাশ করায় তার উপর হামলা করা হয়। এসব হামলার ঘটনার ব্যাপারে আহতদের অনেকে থানায় অভিযোগ দিলেও অপরাধিরা আটক হয়নি।
একের পর এক হামলার ঘটনা ঘটলেও কোন প্রতিকার না হওয়ায় এলাকার সাধারণ মানুষ ভীত সন্ত্রাস্থ হয়ে পড়েছে।
