, , ,

জাপানের বিপক্ষে যে কারণে নামাননি নেইমারকে

আরো খবর

একাত্তর ডেস্ক:
মাঝ বিরতির পরপর দেখা গেল, গা গরম করছেন নেইমার। ম্যাচে পিছিয়ে থাকায় হিউস্টন স্টেডিয়ামে কিছুটা মিইয়ে যাওয়া ব্রাজিল সমর্থকরা যে প্রাণ ফিরে পেলেন দৃশ্যটি দেখে। গর্জন করে উঠলেন তারা। বেশ কিছুক্ষণ ধরেই প্রস্তুতি নিলেন নেইমার। পরের প্রায় পুরো সময়ই তাকে দেখা গেল লাইনের পাশেই। কিন্তু শেষ পর্যন্ত মাঠে আর নামানো হলো না তাকে। ম্যাচের পর সেটির কারণ ব্যাখ্যা করলেন কোচ কার্লো আনচেলত্তি।

জাপানের বিপক্ষে ম্যাচটির আগে আনচেলত্তি বলেছিলেন, এখন আরও বেশি সময় খেলতে প্রস্তুত নেইমার। কিন্তু হলো উল্টো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৭৫তম মিনিটে মাঠে নেমেছিলেন নেইমার। কিন্তু নকআউটের ম্যাচে তাকে মাঠে দেখা গেল না একটুর জন্যও।

ম্যাচের পর স্বাভাবিকভাবেই কারণ জিজ্ঞেস করা হলো আনচেলত্তিকে। ব্রাজিলের কোচ তুলে ধরলেন নেইমারকে না নামানোর কারণ।

“নেইমারকে কেন নামাইনি? অতিরিক্ত সময়ে খেলা গড়ানোর অপেক্ষা করছিলাম। ওর সঙ্গে কথা হয়েছে আমার। আমরা যদি গোল করতে না পারতাম, তাহলে ৬০ থেকে ৬৫ মিনিটের মধ্যে তাকে নামাতাম। গোল হয়ে যাওয়ার পর যেভাবে খেলছিলাম আমরা, সেই কাঠামো আর বদলাতে চাইনি। কারণ খেলা আমাদের নিয়ন্ত্রণে ছিল। তাকে আর প্রয়োজন পড়েনি।”

প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়া ব্রাজিল দ্বিতীয়ার্ধের শুরু থেকেই পুরো ভিন্ন রূপে আবির্ভুত হয়। বিশেষ করে, প্রথম ১৫ মিনিটে আক্রমণের পর আক্রমণে জাপানের রক্ষণভভাগে ঝড় বইয়ে দেয় তারা। সেই পরিক্রমায়ই ৫৬তম মিনিটে হেডে গোল করেন কাসেমিরো।

পরে ৯৫তম মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লির ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে নাটকীয় জয়ে শেষ ষোলোয় পা রাখে আনচেলত্তির দল।

শেষ মুহূর্তে দলকে গোল এনে দেওয়া নায়কের প্রশংসাও করেন কোচ।

“ফুটবলার হিসেবে মার্তিনেল্লির তাড়না তীব্র। সে সবসময়ই তৈরি থাকে এবং মাঠে নেমেই খেলার চূড়ায় থাকে।”

ম্যাচের পর নেইমার-মার্তিনেল্লিদের দেখা গেছে জাপানের ফুটবলারদের সান্ত্বনা দিতে।
সূত্র: বিডিনিউজ

আরো পড়ুন

সর্বশেষ