সাব্বির হোসেন:
ডিএনএ টেস্টের মাধ্যমে ধর্ষকের পরিচয় শনাক্ত এবং ৭ কর্মদিবসের মধ্যে ধর্ষক ও তাদের সহযোগীদের মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে যশোরের ঝিকরগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকাল ৫টায় উপজেলা মোড়ে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “সেবা”র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সেবা সংগঠন ও ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু-এর সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেয় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব, বাঁকড়া প্রেসক্লাব, ঊষার আলো স্বেচ্ছাসেবী সংগঠন, হাড়িয়াদেয়াড়া সেবা সংঘ ও আল বারকাহ ফাউন্ডেশন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং স্থানীয় সাধারণ মানুষ।
সভাপতির বক্তব্যে মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং ধর্ষণ ও হত্যার মতো ভয়াবহ অপরাধ বাড়ছে। বিশেষ করে শিশু ধর্ষণের ঘটনা সমাজের বিবেককে নাড়া দিচ্ছে। তিনি বলেন, ধর্ষণ মামলার দীর্ঘসূত্রিতার কারণে অপরাধীরা অনেক সময় পার পেয়ে যায় এবং বিচারহীনতা নতুন অপরাধের জন্ম দেয়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে ধর্ষকদের দ্রুত শনাক্ত করে ৭ কর্মদিবসের মধ্যে মৃত্যুদণ্ড নিশ্চিত করা গেলে এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে বলে তিনি মত প্রকাশ করেন। একই সঙ্গে এ বিষয়ে আইন সংশোধনের দাবি জানান তিনি।
বিএম সাগর হোসাইন-এর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিল্লাল হোসাইন, আব্দুল্লাহ আল সাঈদ, সুজন দত্ত এবং আখি খাতুন সহ আরও অনেকে। বক্তারা তাদের বক্তব্যে দ্রুততম সময়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান।
