, , ,

নড়াইলে মৎস্য কর্মকর্তার অফিসে হামলার ঘটনায় পাল্টা পাল্টাপাল্টি অভিযোগ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইল সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিসানুর রহমান।

মঙ্গলবার (৩০ জুন) সকালে সদর উপজেলার যদুনাথপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জিসানুর রহমান বলেন, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হান আমাকে বিভিন্ন ইউনিয়নে মৎস্য প্রদর্শনী প্রকল্পের আবেদন করতে বলেন। পরে বাঁশগ্রাম, শেখহাটি, মুলিয়া ও তুলারামপুর ইউনিয়নের নামে চারটি আবেদন করা হয়। এসব প্রকল্পের বরাদ্দ নিশ্চিত করার কথা বলে বিভিন্ন খাতে ব্যয়ের অজুহাতে আমার কাছ থেকে তিনি মোট ৩০ হাজার টাকা ঘুষ গ্রহন করেন ।

 

চারটি আবেদনের মধ্যে শুধু মূলিয়া ইউনিয়নের একটি প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়। বাকি তিনটির কোনো বরাদ্দ হয়নি। কৃষকদের কাজ না হওয়ায় তিনি একাধিকবার টাকা ফেরত চাইলে প্রতিবারই আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেন। জিসানুরের অভিযোগ, গত ২৮ জুন বিকেলে তিনি উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রকল্পের তালিকা ও ঘুষের টাকা ফেরত চান। এতে কর্মকর্তা ক্ষুব্ধ হয়ে তাঁকে গালিগালাজ করেন এবং কথোপকথন মোবাইলে ধারণ করতে গেলে তাঁর ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলা হয়।

এসম কার্যালয়ের কর্মচারীরা তাঁকে বেধড়ক মারধর করে এবং ধস্তাধস্তির একপর্যায়ে তাঁর গলার একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর তিনি থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। অথচ উল্টো সরকারি কাজে বাঁধা, ভাঙচুর ও মারধরের অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে মৎস্য কর্মকর্তা মামলা করেছেন। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

 

স্বেচ্ছাসেবক দলের নেতা জিসানুর রহমানের আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি নড়াইল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হান। তিনি দাবি করেন ওই নেতা আমার কার্যালয়ে এসে ভাঙচুর চালিয়েছেন এবং আমাকে মারধর করেছেন। নিজের অপরাধ থেকে রক্ষা পেতেই এখন সংবাদ সম্মেলন করে এসব নাটক সাজাচ্ছেন।

 

উল্লেখ্য, মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হান গত ২৮ জুন রাতে বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় জিসানুর রহমানসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনের বিরুদ্ধে অফিসকক্ষে প্রবেশ করে ভাঙচুর, সরকারি কাজে বাঁধা ও মারধরের অভিযোগ আনা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ