নিজস্ব প্রতিবেদক, নড়াইল :
নড়াইলে তাফসির উদ্দিন হাফেজিয়া মাদ্রাসার ৬জন শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শিক্ষক মাহবুবুর রহমান নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর সরদারের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট রাত দেড়টার দিকে মাদ্রাসাটিতে এক শিশু শিক্ষার্থী বলাৎকারের শিকার হয় বলে অভিযোগ ওঠে। পরদিন ২৮ আগস্ট ওই শিক্ষার্থীর মা বিষয়টি জানতে চাইলে ঘটনাটি জানাজানি হয়। এ সময় অভিযুক্ত শিক্ষক মাদ্রাসা থেকে পালিয়ে যান। পরে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হলে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে একই শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসার আরও পাঁচ শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ পাওয়ার কথা জানায় পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর মা বাদী হয়ে নড়াইল সদর থানায় অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়।
পুলিশ জানায়, মামলা রুজুর প্রায় ১০ ঘণ্টার মধ্যে নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে পুলিশের একটি দল গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করে।
নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা রুজুর ১০ ঘণ্টার মধ্যে তাঁর নেতৃত্বে নড়াইল সদর থানা পুলিশের একটি দল গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
