বিশেষ প্রতিনিধি
প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট আইনজীবী তৌহিদুর রহমান আর নেই। সোমবার ৫ অক্টোবর ভোরে ঢাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
আইনজীবী তৌহিদুর রহমান ১৯৩৬ সালের ২২ জুন নড়াইলের মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সালে যশোরে আয়কর আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ১৯৬০ সাল থেকে সাংবাদিকতার সঙ্গেও যুক্ত হন।
সাংবাদিকতা জীবনের শুরুতে তিনি অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) এবং পরে বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৩৫ বছরের সাংবাদিকতা জীবনে তিনি যশোরের সংবাদজগতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও আইনজীবী তৌহিদুর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে। মানুষের কল্যাণে তাঁর নিরলস কাজ এবং সমাজের প্রতি দায়বদ্ধতা তাঁকে যশোরবাসীর কাছে স্মরণীয় করে রেখেছে। তাঁর মৃত্যুর খবরে যশোরের সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। এক বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ নেতৃবৃন্দ এই শোক প্রকাশ করেছেন।
গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক প্রজন্ম একাত্তরের সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু, বার্তা সম্পাদক অসীম বোসসহ একাত্তর পরিবার। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
