সাব্বির হোসেন:যশোরের ঝিকরগাছায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণ এবং ঝিকরগাছা বাজার ও পৌর এলাকার বিভিন্ন জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে স্মারকলিপি দিয়েছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’।
বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে সংগঠনের নেতৃবৃন্দ এ স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে সাম্প্রতিক সময়ে জনমনে আতঙ্ক সৃষ্টিকারী বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঝিকরগাছা বাজার ও পৌর এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানানো হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে—মহাসড়কের দুই পাশ ও বাজারের ভেতরের সড়ক থেকে অবৈধ দখলদার উচ্ছেদ, যত্রতত্র অবৈধ যানবাহন পার্কিং বন্ধ করে নির্দিষ্ট পার্কিং জোনের ব্যবস্থা, কাঁচাবাজার, মাছ-মাংসের বাজার ও বাসস্ট্যান্ডসহ পৌর এলাকার বর্জ্য নিয়মিত অপসারণ, বিভিন্ন ভবনের ছাদ, মোড় ও গাছে থাকা অনুমোদনহীন বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ, কপোতাক্ষ নদে পেতে রাখা ক্ষতিকর চায়না দুয়ারি জাল অপসারণ ও ধ্বংস, নদের অবৈধ দখল উচ্ছেদ করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং উচ্চশব্দে যত্রতত্র মাইকিং ও হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধ করা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ঝিকরগাছা ‘সেবা’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, সহসভাপতি মীর ফারুক আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদ আলী, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি সাগর হোসাইন, কার্যকরী সদস্য মাস্টার নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাব্বির সুভন, মাসুদ, সুমন, নাজমুল, বিপুলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
স্মারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ ঝিকরগাছা বাজারের ঐতিহ্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
