নিজস্ব প্রতিবেদক :যশোরের মণিরামপুরে তৃণমূল পর্যায়ের কর্মীদের নিয়ে জাতীয় পার্টি ও জাতীয় তরুণ পার্টির এক আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১লা অক্টোবর বৃহস্পতিবার অনুমান বেলা ১২ টায় মণিরামপুর পৌর শহরে অবস্থিত জাকির হোসেন বাবুর নিজ বাসভবনে এই অনুষ্ঠান হয়।
৬৮ হাজার গ্রাম বাঁচলে, বাংলাদেশ বাঁচবে— সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের এই ঐতিহাসিক স্লোগানকে সামনে রেখে তৃণমূল স্তরে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় তরুণ পার্টি খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জাকির হোসেন বাবু।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাবিবুর রহমান, ১৩নং খানপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ রফিকুল ইসলাম (রফিক আর্মি) এবং কেন্দ্রীয় জাতীয় যুব সংহতি ও যশোর জেলা জাতীয় পার্টি আহ্বায়ক কমিটির সদস্য বি.এম আব্দুর রশিদ। এছাড়া মণিরামপুর উপজেলা জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী মেম্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ.এম এরশাদের অবদান স্মরণ করেন এবং বর্তমান চেয়ারম্যান জি.এম কাদেরের নেতৃত্বে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার আহ্বান জানান। তৃণমূল কর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আগামী দিনে মণিরামপুর উপজেলায় জাতীয় পার্টিকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দল ও দেশের কল্যাণ, পল্লীবন্ধু এরশাদের রুহের মাগফিরাত এবং দেশবাসীর সুখ-সমৃদ্ধি কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও সর্বসাধারণের মাঝে তাবারক বিতরণ করা হয়।
