শাহাজান শাকিলঃ যশোরের মণিরামপুরে নারীর ক্ষমতায়ন ও স্থানীয় নির্বাচনে নারী প্রার্থীদের নিরাপদ অংশগ্রহণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকাস্থ সুইডেন দূতাবাস এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (IFES)-এর সহযোগিতায় বেসরকারি সংস্থা আরনট এডুকেশন এন্ড গ্রোথ ফাউন্ডেশন (এইজিএফ) এর আয়োজনে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ ঘটিকায় মণিরামপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এইজিএফ সংস্থার নির্বাহী পরিচালক দিপালি রানী। প্রোগ্রাম কো-অর্ডিনেটর উজ্জ্বল কুমার বালার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সিনিয়র সাংবাদিক ও সুজন (সুশাসনের জন্য নাগরিক) মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন ।
এ মতবিনিময় সভায় আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক সম্ভাব্য নারী প্রার্থী, নারীনেত্রী, বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন পরিষদের প্রশাসক, সাংবাদিক এবং বিভিন্ন পর্যাযের সুধীজনেরা উপস্থিত ছিলেন।নারীর ক্ষমতায়ন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করা এবং একটি সহিংসতামুক্ত নির্বাচনী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ সভার বক্তারা বলেন,তৃণমূল পর্যায়ে নারীদের ক্ষমতায়তন, তাদের অধিকার এবং নির্বাচনে প্রার্থী হিসেবে কী কী বাঁধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় এবং চ্যালেঞ্জ মোকাবেলার উপায় নিয়ে মতামত দেন।একজন নারীর প্রার্থী হিসেবে পরিবার ও প্রভাশালী মহলের বাঁধাকে বড় চ্যালেঞ্জ বলে অধিকাংশ বক্তা মন্তব্য করেন। একটি রাষ্ট্রে নারীর ক্ষমতায়ন ছাড়া উন্নয়ন সম্ভব নহে এমন মতামত দেন বক্তারা। সুষ্ঠু ও বৈষম্যহীন গণতান্ত্রিক পরিবেশ গঠনে নারীদের সক্রিয় ও নির্ভীক অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলে অনুষ্ঠানে একমত পোষণ করা হয়।
