, , ,

মণিরামপুরে নিউ ব্রিকস ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি:
যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি সানাপাড়া গ্রামে অবস্থিত নিউ ব্রিকস ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। স্বাস্থ্য, পরিবেশ, কৃষিজমি এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় নারীরা অভিযোগ করেন, ইটভাটার মাটি বহনকারী ট্রাকের অবিরাম চলাচল ও বিকট শব্দের কারণে শিশু সন্তানদের ঘুম পাড়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ট্রাক থেকে নির্গত কালো ধোঁয়া ও উড়ন্ত ধুলোবালির কারণে বয়স্ক ব্যক্তিরা শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।

 

স্থানীয় বাসিন্দারা জানান, জনবসতির একেবারে কাছাকাছি এবং হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজরাকাটি মাধ্যমিক বিদ্যালয়ের নিকটেই ইটভাটাটি স্থাপন করা হয়েছে। ফলে ট্রাকের শব্দ, ধুলোবালি ও ধোঁয়ার কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ে যাতায়াতকারী কোমলমতি শিক্ষার্থীরাও স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে বলে অভিযোগ করেন অভিভাবকরা।

 

এলাকাবাসী আরও জানান, দিন-রাত ট্রাক ও যন্ত্রপাতির শব্দে শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। একই সঙ্গে গ্রামের স্বাভাবিক পরিবেশও নষ্ট হয়ে যাচ্ছে। শীতের মিষ্টি রোদে বসে সময় কাটানো, রোদ পোহানো কিংবা খোলা পরিবেশে স্বস্তিতে থাকা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

 

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে এক ভুক্তভোগী যুবক বলেন, “পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ইটভাটার বিষয়ে আমরা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু আজ পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা শুধু আশ্বাসই পেয়েছি।”
বক্তারা আরও বলেন, ইটভাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি কৃষিজমিরও ক্ষতি হচ্ছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী নানা দুর্ভোগের শিকার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

 

মানববন্ধন থেকে এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে নিউ ব্রিকস ইটভাটার কার্যক্রম বন্ধ করে পরিবেশ, জনস্বাস্থ্য, শিক্ষার পরিবেশ ও কৃষিজমি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, “মানুষের জীবন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও পরিবেশের স্বার্থে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

আরো পড়ুন

সর্বশেষ