, , ,

মহম্মদপুরে সেলুনে পাঠাগার করে জ্ঞানের আলো ছড়াচ্ছেন রাজু আহমেদ

আরো খবর

বিশ্বজিৎ সিংহ রায়,মহম্মদপুর ( মাগুরা):

এক হাতে কাঁচি অন্য হাতে জ্ঞানের আলো ছড়ানোর স্বপ্ন! মাগুরার মহম্মদপুরে সেলুনের ভেতরেই ব্যতিক্রমী এক পাঠাগার গড়ে তুলেছেন রাজু আহমেদ। তাঁর সেলুনে চুল কাটার পাশাপাশি রয়েছে বই পড়ার সুযোগ। পেশায় সেলুনকর্মী হলেও বইয়ের প্রতি ভালোবাসা আর তরুণদের মধ্যে জ্ঞানচর্চা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় তাঁকে করেছে ব্যতিক্রমী।

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের শিকদারের মোড়ে রাজুর এই সেলুন। ছোট্ট এই পাঠাগারে রয়েছে ইসলামিক বই, কবিতা ও উপন্যাস।

প্রতিদিনের ব্যস্ততার মাঝেও বই পড়ার সুযোগ তৈরি করে দিয়ে তরুণদের বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে চান তিনি। তবে রাজুর এই উদ্যোগের পেছনে রয়েছে অপমানের এক অভিজ্ঞতা। এক ব্যক্তি তাঁকে বলেছিলেন, ‘তুমি অশিক্ষিত, নাপিতের কাজ করো, এখান থেকে যাও।’ এমন অপমানজনক মন্তব্যে ভেঙে না পড়ে বরং নিজের অবস্থান থেকেই মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেন রাজু। তাঁর এই প্রচেষ্টা যেন প্রমাণ করে, মানুষের জন্য ভালো কিছু করতে বড় পরিচয় কিংবা বড় প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না।

শুধু পাঠাগার গড়েই থেমে থাকেননি রাজু। তাঁর ভাষ্য অনুযায়ী, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, এতিম শিশু ও ইমামদের কাছ থেকে সেলুনের কাজের জন্য টাকা নেন না তিনি। নিজের সামর্থ্যের মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মানসিকতা তাঁর উদ্যোগকে দিয়েছে ভিন্ন মাত্রা।

রাজুর সেলুন এখন তাই শুধু চুল কাটার জায়গা নয়; এটি বই পড়া, জ্ঞানচর্চা ও মানবিকতার এক ব্যতিক্রমী পরিসর। তাঁর এই উদ্যোগ মনে করিয়ে দেয়, সমাজে পরিবর্তন আনতে সব সময় বড় আয়োজনের প্রয়োজন হয় না। কখনো কখনো একটি ছোট্ট সেলুন, কয়েকটি বই আর মানুষের জন্য কিছু করার ইচ্ছাই হয়ে উঠতে পারে অনুপ্রেরণার গল্প।

আরো পড়ুন

সর্বশেষ