সাতক্ষীরা/শ্যামনগর প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। নিখোঁজ হওয়ার চার দিন পর আজ সোমবার সকালে উপজেলার শৈলখালী এলাকার একটি ধানক্ষেতে তাঁর মরদেহ পাওয়া যায়।
নিহত কৃষকের নাম মনোরঞ্জন মণ্ডল, বয়স ৫৫ বছর। তিনি উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের দিগম্বর মণ্ডলের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত চার দিন আগে নিজের জমিতে কীটনাশক দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন মনোরঞ্জন। সেদিনের পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবার ও স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি।
সকালে শৈলখালীর মাঠে কাজ করতে গিয়ে স্থানীয় কৃষকরা ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে তাঁকে শনাক্ত করেন।এই ঘটনায় এখনো মৃত্যুর কারণ জানা যায়নি। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
