সাব্বির হোসেন
যশোরের মনিরামপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে মনিরামপুর উপজেলার ১১ নম্বর চালুয়াহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আটঘরা এলাকায় এ অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আটঘরা এলাকায় মো. শাহাবউদ্দিনের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মো. আলম মোল্লা (৪৪) ও মো. আব্দুল লতিফকে (৫০) আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৫০০ গ্রাম করে মোট ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আলম মোল্লা কেশবপুর উপজেলার কোমরপুর বকুলতলা গ্রামের মৃত সোহরাব মোল্লার ছেলে। অপর ব্যক্তি আব্দুল লতিফ একই উপজেলার মঙ্গলকোর্ট মধ্যমপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
