নিজস্ব প্রতিবেদক:যশোরের আরবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাচ্চু মিয়া ওরফে রড বাচ্চুকে বিস্ফোরক আইনের মামলায় আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার দুপুরে শহরের খোলাডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ১৫ জুন খোলাডাঙ্গা এলাকায় রুবি খাতুনের বাড়িতে বোমা হামলার অভিযোগে গত ২২ জুন যশোরের আদালতে ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। মামলায় প্রধান আসামি করা হয় রড বাচ্চুকে। অন্য আসামিদের মধ্যে তার ছেলে মেহেদী হাসানসহ ১৪ জন রয়েছেন।
আদালতের নির্দেশে পুলিশ অভিযোগটি তদন্ত করে বাচ্চুসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। তদন্ত প্রতিবেদনে রুবি খাতুনের স্বামীর জমি পাইয়ে দেওয়ার কথা বলে বাচ্চুর বিরুদ্ধে চার লাখ টাকা আত্মসাতের অভিযোগও উল্লেখ করা হয়। এ ঘটনায় ভিডিও ফুটেজ সংগ্রহের কথাও প্রতিবেদনে বলা হয়েছে।
ওসি কবির হোসেন জানান, গত ২৮ অক্টোবর আদালতের নির্দেশে ১৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রেকর্ডের নির্দেশনা আসে। পরে ৪ নভেম্বর কোতোয়ালি থানায় মামলাটি রেকর্ড করা হয়। ওই মামলায় সোমবার বাচ্চুকে আটক করা হয়েছে।
এদিকে রড বাচ্চুর বিরুদ্ধে এলাকায় প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল ও জমি পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাতের বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এর জেরে তিনি সংবাদপত্রের বিরুদ্ধে মানহানির মামলাও করেন। এ ছাড়া যশোর সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রাশেদ খানের চাচা হওয়ায় তিনি ওই পরিচয়ের প্রভাব খাটাতেন বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
