সাদনান রহমান সিয়াম,সাতক্ষীরা :
শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে সাতক্ষীরায় দিনভর প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের তিনটি স্থানে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক, যুব ও নারী সংগঠন। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।
দিনের প্রথম কর্মসূচি হয় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে। মানবাধিকার কর্মী ও স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন, মহিলা অধিদপ্তরের তাসলিমা রিঙ্কি, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোৎনা দত্ত, যুব প্রতিনিধি তরিকুল ইসলাম অন্তর ও ভূমিহীন নেতা আব্দুস সামাদ। বক্তারা রামিসা হত্যাসহ সারাদেশে চলমান খুন, অপহরণ ও ধর্ষণের ঘটনায় উদ্বেগ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সকাল সাড়ে ১১টা: কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন।
‘সাতক্ষীরার সকল সামাজিক সংগঠন’-এর ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বড় মানববন্ধন অনুষ্ঠিত হয়।বক্তারা বলেন, রামিসার সাথে ঘটে যাওয়া বর্বরতা পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। বিচারহীনতার কারণে এ ধরনের অপরাধ বাড়ছে। শিশুদের নিরাপত্তায় প্রশাসন, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। পরে “রামিসার হত্যাকারীদের ফাঁসি চাই” স্লোগানে প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা।
দুপুরে শহীদ মিনার পাদদেশে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার উদ্যোগে আরেকটি মানববন্ধন হয়। বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
