, , ,

আলোচিত এমপি গাজী নজরুলের পদ বাতিল চেয়ে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষনা

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিল ও দ্রুত উপনির্বাচনের দাবিতে শ্যামনগরে তিন দিনের গণস্বাক্ষর কর্মসূচির ঘোষণা দিয়েছে সচেতন নাগরিক সমাজ।

বৃহস্পতিবার বেলা ১১টায় শ্যামনগর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মালঞ্চ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় শিক্ষক নেতা আসাদুজ্জামান মিঠু, পূজা উদযাপন পরিষদের রবীন্দ্রনাথ বিশ্বাস, পূজা উদযাপন ফ্রন্টের দেবব্রত ব্যানার্জি ও শিক্ষক নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আত্মহত্যায় প্ররোচনার মামলায় গত ২১ সেপ্টেম্বর গ্রেপ্তারের পর থেকে এমপি কারাগারে। দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে ২৮ সেপ্টেম্বর আদালত জামিন নামঞ্জুর করেন। প্রায় দুই মাস ধরে তিনি কারাবন্দি। বিষয়টি গত ৯ নভেম্বর স্পিকারকে জানানো হয়েছে।

তাদের বক্তব্য, প্রতিনিধি কারাগারে থাকায় সুন্দরবন অঞ্চলের জেলে-বাওয়ালি-মৌয়ালদের নিরাপত্তা, বনদস্যু, নদীভাঙন, বেড়িবাঁধ, শিক্ষা-স্বাস্থ্যের মতো জরুরি ইস্যু সংসদে তোলার কেউ নেই। শ্যামনগর কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এই আসনের মালিক জনগণ।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, জামায়াত শুধু বহিষ্কারের ঘোষণা দিয়ে দায় এড়াতে চাইছে। আসনটির ভবিষ্যৎ নিয়ে দলটি দীর্ঘসূত্রতা করছে।

আগামী ১৩, ১৪ ও ১৫ নভেম্বর উপজেলার ১১ ইউনিয়ন ও ১ পৌরসভার ১০৮টি ওয়ার্ডে গণস্বাক্ষর চলবে।

দুই দফা দাবি হলো – আসন সংক্রান্ত সাংবিধানিক ও আইনগত বিষয় দ্রুত নিষ্পত্তি করা এবং সুষ্ঠু উপনির্বাচনের মাধ্যমে নতুন প্রতিনিধি নির্বাচনের সুযোগ দেওয়া।

আরো পড়ুন

সর্বশেষ