সাদনান রহমান সিয়াম, সাতক্ষীরা:
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে তাঁর সংসদ সদস্য পদ নিয়ে ব্যবস্থা নিতে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান।
গত ১১ নভেম্বর ‘সচেতন নাগরিক সমাজ, শ্যামনগর’ এর সংবাদ সম্মেলনে জামায়াতকে জড়িয়ে যেসব বক্তব্য ও অভিযোগ তোলা হয়েছিল, তার জবাব দিতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাওলানা আবদুর রহমান বলেন, গাজী নজরুল ইসলামকে সাংগঠনিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বর্তমানে জামায়াতের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। তাঁর ব্যক্তিগত কোনো কর্মকাণ্ডের দায়ভার সংগঠনের ওপর চাপানো যুক্তিসঙ্গত নয়।
সংসদ সদস্য পদ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে স্পিকার ও নির্বাচন কমিশন বরাবর চিঠি পাঠানো হয়েছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার সংশ্লিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষের।
গাজী নজরুল ইসলামকে ঘিরে চলমান মামলা প্রসঙ্গে উপজেলা আমীর বলেন, জামায়াত আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা উচিত নয়।
শ্যামনগরের মানুষের স্বার্থ উপেক্ষা করা হচ্ছে বলে তোলা অভিযোগেরও জবাব দেন তিনি। তিনি বলেন, সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা, নদীভাঙন রোধ, বেড়িবাঁধ সংস্কার, সুপেয় পানি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানসহ এলাকার সার্বিক উন্নয়ন জামায়াতের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় সচেতন নাগরিক সমাজের গণস্বাক্ষর কর্মসূচির প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে নাগরিকদের মত প্রকাশের অধিকার আছে। তবে কোনো কর্মসূচিতে ভুল তথ্য দিয়ে কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো সংগঠনকে হেয় করা কাম্য নয়।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, এস এম ফজলুল হক, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মহসিন আলম, মাওলানা আমিনুর, সহকারী অধ্যাপক আব্দুল হামিদ, সাইদী হাসান, ইমাম হাসানসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন থেকে সাংবাদিকদের প্রতি দলীয় বক্তব্য ও তথ্য বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার আহ্বান জানানো হয়।
