কেশবপুর প্রতিনিধি:যশোরের কেশবপুর উপজেলার গোপালপুর এলাকায় মেসার্স কপোতাক্ষ ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় এক সাংবাদিক ও তাঁর ভাগ্নেকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় দৈনিক কালের চিত্র পত্রিকার কেশবপুর প্রতিনিধি মো. ইকরামুল কবির বাদী হয়ে কেশবপুর থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন ১. রুবেল হোসেন (৩৫), পিতা- আনসার ঢালী,২. মহির মেম্বার (৫০), পিতা- আলী মুদ্দিন গাজী,৩. আইয়ুব আলী মাস্টার (৪৮), পিতা- অজ্ঞাত। তাঁরা সকলেই উপজেলার মির্জানগর গ্রামের বাসিন্দা।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ০২ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকার সময় সাংবাদিক ইকরামুল কবিরের ভাগ্নে শোয়েব (১৪) গোপালপুরস্থ কপোতাক্ষ ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে যান। সেখানে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়া এবং তেল বিতরণে বিভিন্ন অনিয়ম দেখে শোয়েব প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা শোয়েবকে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এমনকি মোটরসাইকেলের চাবি দিয়ে মাথায় ও গলায় আঘাত করে তাকে রক্তাক্ত করা হয়।
সাংবাদিকের ওপর হামলা ও হুমকি খবর পেয়ে সাংবাদিক ইকরামুল কবির দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিবাদীদের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তারা আরও উত্তেজিত হয়ে ওঠে। অভিযুক্তরা সাংবাদিকের শার্টের কলার ধরে তাকেও মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় মামলা-মোকদ্দমা করলে তাঁকে খুন করে লাশ গুম করার প্রকাশ্যে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সাংবাদিক ইকরামুল কবির জানান। তিনি এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কেশবপুর থানা পুলিশ অভিযোগটি গ্রহণ করেছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
