নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলে চেক প্রত্যাখানের দু’টি মামলায় সাজাপ্রাপ্ত আসামী নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে নড়াইল সদর উপজেলার চাকই বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান হিমায়েত হুসাইনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এরমধ্যে তাঁর বিরুদ্ধে এনআই অ্যাক্টের (নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট) দু’টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন যাবৎ তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বিছালী ইউনিয়নের চাকই বাজারে অভিযান চালায় সদর থানার পুলিশের একটি দল। এসময় বাজারের একটি মাছের আড়ৎ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এনআই অ্যাক্টের দু’টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিমায়েত হুসাইনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত।
উল্লেখ্য, হিমায়েত হুসাইন নড়াইল জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক। তাছাড়া এ বছর ২ ফেব্রুয়ারি কেন্দ্র ঘোষিত নড়াইল জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটিতে তাঁকে আহ্বায়ক করা হয়েছিল। তবে নানা আলোচনা-সমালোচনার মুখে একদিন পরেই ওই কমিটি স্থগিত করা হয়।
