একাত্তর ডেস্ক: ইনিংসের প্রথম বলেই উইকেট হারানোর ধাক্কা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার তিন নম্বরে নামার চ্যালেঞ্জ নিলেন হ্যারি ব্রুক। দলের কঠিন সময়ে নতুন ভূমিকাতেই তিনি মেলে ধরলেন নিজের সেরাটা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে করলেন সেঞ্চুরি। পাকিস্তানকে হারিয়ে সেমি-ফাইনালে উঠল ইংল্যান্ড।
সুপার এইটে মঙ্গলবার ইংল্যান্ডের জয় ২ উইকেটে। পাল্লেকেলেতে পাকিস্তানের ১৬৪ রান পাঁচ বল হাতে রেখে পেরিয়ে যায় ব্রুকের দল।
ইংল্যান্ডের হয়ে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিতে ১০ চার ও চার ছক্কায় ৫১ বলে ১০০ রানের ইনিংস খেলে জয়ের নায়ক ব্রুক।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এই নিয়ে চারটি ম্যাচ খেলে সবকটি জিতল ইংল্যান্ড।
সুপার এইটে প্রথম দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বর গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের সঙ্গে তারা পয়েন্ট ভাগাভাগি করেছিল বৃষ্টির কারণে। এক ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে আছে নিউ জিল্যান্ড। প্রথম ম্যাচে হারা শ্রীলঙ্কা আছে সবার নিচে।
গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমি-ফাইনালে।
সূত্র: বিডিনিউজ
