, , ,

শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

আরো খবর

একাত্তর ডেস্ক:
হামজা চৌধুরীর নেতৃত্বে নতুন এক বাংলাদেশকে দেখল ফুটবলপ্রেমীরা। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। চারটি গোল করেছেন চার ফুটবলার। শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেনের গোলে দাপুটে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে হামজা-শমিতরা। ‘এ’ গ্রুপের রানার্স আপ হয়ে সেমিফাইনালে যাচ্ছে ভুটান। আগামী ১৪ নভেম্বর রাত আটটায় ‘বি’ গ্রুপের রানার্স আপ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। একই দিন দুপুরে আরেক সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ ভুটান।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগায় স্বাগতিকরা। ডান দিক থেকে হামজা চৌধুরীর বাড়ানো ক্রসে শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। ফিরতি বল পেয়ে জালে পাঠান শমিত সোম। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

এরপর ব্যবধান বাড়াতে একের পর এক আক্রমণ চালায় স্বাগতিকরা। ২৫ মিনিটে ফারহান আলী ওয়াহিদের হেড থেকে পাওয়া বলে ব্যাকহিল শটে গোলের চেষ্টা করেছিলেন হামজা। তবে তার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। প্রথমার্ধের শেষ দিকে ৪৩ মিনিটে ইব্রাহিমের পাস পেয়ে বল নিয়ে দ্রুতগতিতে এগিয়ে যান অধিনায়ক হামজা। পথে এক ডিফেন্ডারকে কাটিয়ে নেওয়া তার শট গোলরক্ষক পেরেরার গায়ে লেগে জালে ঢুকে যায়। এতে জাতীয় দলের অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই গোল পেলেন হামজা। বাংলাদেশের জার্সিতে এটি তার পঞ্চম গোল, পাঁচটিই জাতীয় স্টেডিয়ামে। ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমেনি বাংলাদেশের। ৫৩ মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে দর্শকদের মুগ্ধ করেন ফারহান আলী ওয়াহিদ। বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে শ্রীলঙ্কার একের পর এক তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকেন তিনি। এরপর ডান পায়ের শটে বল জালে পাঠিয়ে ব্যবধান করেন ৩-০। ফারহানের দুর্দান্ত গোলের পর সতীর্থদের উচ্ছ্বাসে যোগ দেন হামজাও। এরপরও গোলের জন্য চাপ অব্যাহত রাখে বাংলাদেশ। ৮৩ মিনিটে বক্সের বাইরে থেকে সুকি ইতফুসার নেওয়া শট দারুণভাবে ঠেকিয়ে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক। তবে এক মিনিট পরই আরেকটি পাল্টা আক্রমণ থেকে আসে চতুর্থ গোল।

৮৫ মিনিটে বল পেয়ে দ্রুতগতিতে এগিয়ে যান রাকিব হোসেন। এক ডিফেন্ডারকে পেছনে ফেলে সামনে পান শুধু গোলরক্ষক পেরেরাকে। তাকে পরাস্ত করে দারুণ এক চিপ শটে বল জালে পাঠান রাকিব। তাতেই শ্রীলঙ্কার বিপক্ষে চার গোলের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

ম্যাচের শেষ দিকে অবশ্য চোটের ধাক্কাও খেয়েছে বাংলাদেশ। ৭৬ মিনিটে গোড়ালিতে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন সাদ উদ্দিন। তার জায়গায় নামেন রহমত শাহ। একই সময়ে কাজেম শাহর বদলি হিসেবে মাঠে আসেন জামাল ভূঁইয়া। চার গোলের দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে এবার প্রতিপক্ষ পাকিস্তান।

সূত্র: সমকাল

আরো পড়ুন

সর্বশেষ